চট্টগ্রামে নাছিরকে সমর্থন ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কেন্দ্রীয় ১৪ দল কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার মহানগর আওয়ামী লীগের দারুল ফজল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার বিকেলে ১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভাণ্ডারি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও ১৪ দলের স্থানীয় নেতারা।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, ‘ঢাকায় ১৪ দলের বৈঠকের পর চট্টগ্রামেও অনুরূপ বৈঠক করে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন এবং তাঁর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়। এ জন্যে ঢাকা থেকে আমাকে এবং তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ নজিবুল বশর মাইজ ভাণ্ডারিকে সমম্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা স্থানীয় ১৪ দলের সঙ্গে বৈঠক করে নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, ‘গত পাঁচ বছরে চট্টগ্রামকে নোংরা শহরে পরিণত করা হয়েছে। অথচ আমাদের নেতা মহিউদ্দিন চৌধুরী এই নগরের মেয়র থাকাকালীন এটিকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলেছিলেন। তখন ঢাকার চেয়ে চট্টগ্রাম পরিচ্ছন্ন নগর হিসেবে খ্যাতি পেয়েছিল, যা নিয়ে আমাদের গর্ব ছিল। ভবিষ্যতে চট্টগ্রাম নগর যেন গলাসমান পানিতে না ডুবে, নাকে রুমাল দিয়ে হাঁটতে না হয়, সেদিকে আমাদের নজর দিতে হবে। এ জন্য নাছির উদ্দিনকে নির্বাচিত করতে হবে।’
হাছান মাহমুদ ২০-দলীয় জোটের কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা পেট্রলবোমা মেরেছে, আর তাদের যারা অর্থায়ন করেছে, দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। এ জন্যে আমরা ১৪ দল আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে, যাতে তিনি চট্টগ্রামকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরে পরিণত করেন।’
প্রেস ব্রিফিংয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘১৪ দল নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে। আমাদের প্রার্থী জয়ী হলে এই নগরকে আধুনিক ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’
নজিবুল বশর মাইজ ভাণ্ডারি বলেন, সন্ত্রাস করে পেট্রলবোমা মেরে ১৫০ জনকে মারা হয়েছে। তারা একদিকে হরতাল-অবরোধ করছে, অন্যদিকে জনগণ সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামী সিটি নির্বাচনে পেট্রলবোমা ও হরতাল-অবরোধের বিরুদ্ধে আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ১৪ দল কাজ করবে।’