চট্টগ্রামে বিএনপির গণসংযোগ ২৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ আগস্ট চট্টগ্রাম নগরের সাতটি মোড়ে বিএনপি গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সব কটি মোড়ের কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি সফল করতে গতকাল শনিবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে কর্মিসভা করে বিএনপি।
দলীয় সূত্র জানায়, ২৭ আগস্ট সকাল থেকে নগরের ইপিজেড মোড়, দেওয়ানহাট, হালিশহর বড়পুল, অলংকার, অক্সিজেন, বহদ্দারহাট ও নিউমার্কেট মোড়ে গণসংযোগ করবে বিএনপি। সেখানে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড তুলে ধরা হবে। ভোটের অধিকার আদায়ের জন্য আগামীর আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ যেন সম্পৃক্ত হয়, সেই আহ্বান জানানো হবে।
গতকালের কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ২৭ আগস্টের দলীয় কর্মসূচিতে নগরের সব নেতা-কর্মী শান্তিপূর্ণভাবে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে যেন অংশ নেয়, সেই আহ্বান জানান।
কর্মিসভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই অধিকার ফিরে পেতে নিয়মতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনগণকে সেই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।
নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে কর্মিসভায় বক্তৃতা করেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।