চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশের সীমানার মধ্যে জাতি, ধর্ম-বর্ণ, পাহাড়ি-সমতলনির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করার চেতনাকে ধারণ করে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা করেছিলেন। আর এই লক্ষ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই একমাত্র পথ। এখন জিয়াউর রহমানের সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। গতকাল সোমবার সকালে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবর জিয়ারত করে নগরে ফিরেই ষোলশহর বিপ্লব উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। সবার জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। দলের চেয়ে দেশ বড় বলে জিয়া যে ধারণা দিয়েছিলেন তা বুকে ধারণ করা প্রয়োজন।
আলোচনা সভায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, বিএনপির রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের। জিয়াউর রহমানের হাতে গড়া এই দল যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশে উন্নয়নের রেকর্ড সৃষ্টি হয়েছে। আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে লুটপাট, সন্ত্রাস ও বাকশাল কায়েমের রাজনীতি।
এর আগে গতকাল সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। আমীর খসরুর নেতৃত্বে ওই শোভাযাত্রা জাতীয় মসজিদ জমিয়াতুল পর্যন্ত যায়। এরপর গাড়ির বহর নিয়ে রাঙ্গুনিয়ার উদ্দেশে যাত্রা করেন দলীয় নেতা-কর্মীরা।