দলীয় সিদ্ধান্ত যা-ই হোক না কেন, চট্টগ্রামে বিএনপি ও জামায়াত-সমর্থিত বর্তমান ওয়ার্ড কাউন্সিলরদের বেশির ভাগই সিটি নির্বাচনে অংশ নেবেন। তফসিল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত-সমর্থিত এক কাউন্সিলর।
২০১০ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মধ্যে জামায়াত-সমর্থিত দুজন কাউন্সিলর জয়ী হন। তাঁদের একজন পাঁচলাইশ থানা জামায়াতের আমির শামসুজ্জামান হেলালী। তিনি শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি প্রথম আলোকে জানান, দলের মহানগর শাখা থেকে নির্দেশ পেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৩৬টি ওয়ার্ডে দলীয় প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে।
গত সিটি নির্বাচনে ১৯ জন বিএনপি-সমর্থিত কাউন্সিলর জয়ী হন। তাঁদের ১৪ জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আটজন। পাঁচজন জানিয়েছেন, তাঁরা দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
নগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক ও মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম বলেন, ‘আমরা মাঠ ছেড়ে দিলে তা নেতা-কর্মীদের জন্য ভালো হবে না। তাই এবারও নির্বাচন করব।’ তিনি বলেন, এ নির্বাচনে দলীয় পরিচয় মুখ্য নয়। তাই দলীয় সিদ্ধান্ত কোনো বিষয় হিসেবে বিবেচিত হবে না।
দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর মো. নুরুল আবছার বলেন, ‘এটি স্থানীয় নির্বাচন। পার্টি কী বলল, তা মূল বিষয় নয়। এলাকার উন্নয়নে ছিলাম। নির্বাচনের প্রস্তুতি রয়েছে।’
আলকরণ ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর দিদারুর রহমান বলেন, ‘গত নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকাবাসীর সুখে-দুঃখে ছিলাম। তাঁদের উন্নয়নে কাজ করেছি। এবারও তাঁরা নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। তাঁদের প্রতি সম্মান রেখে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছি।’
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, ‘এটি স্থানীয় নির্বাচন। দল থেকে নির্বাচন করি না। বরং দল আমাদের সমর্থন দেয়। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে।’
ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক বলেন, ‘দল অংশ না নিলে হয়তো মেয়র পদে প্রার্থী দেবে না। কাউন্সিলর পদে নির্বাচন করতে সমস্যা নেই। গত পাঁচ বছরে কষ্ট করে কাজ করেছি। এবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম ও পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এস এম ইকবাল হোসেন জানান, গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে এলাকায় ছিলেন তাঁরা। এবার নির্বাচন করার ব্যাপারে এলাকাবাসীর চাপ রয়েছে। তাই তাঁদের নির্বাচন করতে হবে।
সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হকও জানিয়েছেন, নির্বাচন করার ব্যাপারে তিনি প্রস্তুত।
নির্বাচনের প্রস্তুতি থাকলেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিএনপির পাঁচ ওয়ার্ড কাউন্সিলর। তাঁরা অভিযোগ করেছেন, নাশকতার মামলা দিয়ে বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের হয়রানি করা হচ্ছে। এতে এলাকায় অবস্থান করা সম্ভব হচ্ছে না।
দক্ষিণ হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর সরফরাজ কাদের বলেন, ‘নির্বাচন করার প্রস্তুতি থাকলেও দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পার্টির সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে অংশ নিতে পারব না। আর আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তিনটি নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়েছে। নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। নির্বাচনী প্রচারণা চালানোর মতো এলাকায় সুষ্ঠু পরিবেশও নেই।’
পাহাড়তলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বলেন, ‘দলের হাইকমান্ডের নির্দেশ পেলে নির্বাচনে যাব। তবে মামলা থাকার কারণে এলাকায় যেতে পারছি না।’
পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব বলেন, ‘গত পাঁচ বছরে এলাকাবাসীর সঙ্গেই ছিলাম। তাঁদের জন্য কাজ করেছি। এবারও নির্বাচনের প্রস্তুতি রয়েছে।’
জাসাসের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান এবং উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর হাসান মুরাদ জানান, দল থেকে সংকেত পেলে নির্বাচনে অংশ নেবেন তাঁরা।
দক্ষিণ আগ্রাবাদের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।
মনোনয়নপত্র নিলেন ৫৯ জন: লাভ লেন এলাকায় চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে গতকাল ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এঁদের মধ্যে মেয়র পদে অধ্যাপক আরিফ মঈনুদ্দিন ও গাজী মো. আলাউদ্দিন নামের দুই ব্যক্তি মনোনয়নপত্র নিয়েছেন। আরিফ মঈনুদ্দিন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নেতা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, মেয়র পদে দুজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।