চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সাংগঠনিক কমিটি গঠন শুরু করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে ঘটা করে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
তবে রাজনৈতিক উদ্দেশ্যে বিদ্যালয়ে কমিটি গঠনের কারণে ছাত্রদের লেখাপড়ায় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকেরা। বিদ্যালয় পর্যায়ে ছাত্রসংগঠনের কমিটি গঠনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদেরা।
গতকাল দুপুর ১২টার দিকে শতাধিক ছাত্র বিদ্যালয়ের পোশাকেই মিছিল নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে যায়। ওই সময় বিদ্যালয়ের ডে শিফট (দিনের পালা) শুরু হয়। অভিযোগ রয়েছে, দিনের পালার অনেক ছাত্র ক্লাস ফাঁকি দিয়ে কমিটি গঠনের জন্য আয়োজিত ওই সম্মেলনে যোগ দেয়। তবে এ নিয়ে কোনো শিক্ষক মুখ খুলতে চাননি।
ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে অভিভাবক মো. আলমগীর বলেন, স্কুলছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়টি শুভ হবে বলে মনে হয় না। এতে করে ছোটবেলা থেকেই তাদের মধ্যে হামবড়া ভাব চলে আসতে পারে। এমনকি অনেকে বখে যেতে পারে। তাঁর ছেলে মুসলিম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আরেক অভিভাবক কুলসুমা বেগম বলেন, ‘এ ধরনের তৎপরতার কারণে শেষে তাদের পড়ালেখাটাই না জানি নষ্ট হয় যায়।’
তবে ছাত্রলীগের নেতাদের দাবি, বিদ্যালয়ে শিবিরের অপতৎপরতা বন্ধে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হচ্ছে। ছাত্রশিবির কোমলমতি ছাত্রদের মগজ ধোলাই করে বিপথগামী করছে। সে কারণে বিদ্যালয়ে কমিটি গঠনে তাঁরা মনোযোগী হয়েছেন।
সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি ছাত্রদের পড়ালেখাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয়ে ছাত্রসংগঠনের কমিটি গঠন কতটা যৌক্তিক, তা জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ বলেন, যে সংগঠনই শাখা করুক না কেন, বিষয়টি নিয়ে আরও আলোচনার দরকার রয়েছে। কারণ, বিদ্যালয়ের ছাত্ররা ভালোমন্দ যাচাই করতে পারবে না। দিনে দিনে ছাত্ররাজনীতির বিপক্ষে মত ভারী হচ্ছে। এই অবস্থায় বিদ্যালয়ে ছাত্র শাখা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আলোচনা হওয়া দরকার।
গতকাল সম্মেলনস্থলে কথা হয় ইমতিয়াজ নামের এক শিক্ষার্থীর সঙ্গে। সে জানায়, তারা বন্ধুরা মিলে এসেছে, কেউ জোর করেনি। এতে পড়ালেখার ক্ষতি হবে কি না, তা সে জানে না। সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি বাসায় জানিয়েছে কি না, এমন প্রশ্নে চুপ থাকে ইমতিয়াজ।
আরেক ছাত্র সাফায়েত বলে, ‘বাসায় হালকা-পাতলা জানে রাজনীতি করি। তবে পুরোপুরি জানে না।’
বিদ্যালয়ে ছাত্রসংগঠনের কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিভিন্ন মৌলবাদী সংগঠন এখন স্কুল পর্যায়ের ছাত্রদের টার্গেট করে এগোচ্ছে। কলেজে উঠতে উঠতে তাদের অনেকে জঙ্গি হয়ে যাচ্ছে। তাই ছাত্রলীগ স্কুল পর্যায়ে যেটা করছে, সেটা ঠিকই আছে। তবে পড়ালেখা আগে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম জানান, নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গত এপ্রিল মাসে ছাত্রলীগের কমিটি হয়েছে। আরও কয়েকটি স্কুলে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘জামায়াত-শিবির স্কুলে স্কুলে গিয়ে ছেলেদের মাথা খেয়ে ফেলছে। তারা নানা অছিলায় স্কুলে গিয়ে প্রচারপত্র বিতরণ, এমনকি সদস্য ফরমও দিচ্ছে। সে কারণে জামায়াত-শিবির থেকে সচেতন থাকতে ছাত্রলীগ স্কুলগুলোতে কমিটি গঠন করছে।’
নুরুল আজিম জানান, ছাত্রদের কেবল সচেতন থাকার জন্য বলা হয়েছে। কোনো মিছিল-মিটিংয়ে আসতে হবে না। এ ছাড়া পড়ালেখার ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। পড়ালেখাটা আগে।
চট্টগ্রামে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে জামায়াত-শিবির ছাত্রদের নিয়ে কর্মসূচি পালন করছে। এর মধ্যে মুসলিম উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে বক্তব্য দেওয়া এবং চকবাজারে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
জানতে চাইলে শিবিরের নগর কমিটির (উত্তর) প্রচার ও প্রকাশনা সম্পাদক কনক হাসান বলেন, বিদ্যালয়ে বিনা মূল্যে বই প্রদান, বৃত্তি প্রদানসহ শিবিরের নানা কার্যক্রম রয়েছে। সেগুলো এখনো চলছে। তিনি বলেন, ‘ছাত্রলীগ কমিটি করলে আমরা সাধুবাদ জানাই। তবে তাতে করে যেন কোমলমতি ছাত্রদের পড়ালেখা নষ্ট না হয়।’
শুধু নগরে নয়, উপজেলায়ও হচ্ছে ছাত্রলীগ বিদ্যালয় শাখার কমিটি। গত বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন করে কমিটি ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান জানান, আইন মেনে যে দলই বিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা চালাক না কেন, খেয়াল রাখতে হবে, যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।