চট্টগ্রামে ব্যাপক ধড়পাকড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বিএনপির কার্যালয়ের পাশের ভবন থেকে নেতা-কর্মীদের আটক করছে পুলিশ। ছবিটি আজ সন্ধ্যা সাতটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
চট্টগ্রামের বিএনপির কার্যালয়ের পাশের ভবন থেকে নেতা-কর্মীদের আটক করছে পুলিশ। ছবিটি আজ সন্ধ্যা সাতটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনের বিএনপির সমাবেশ পণ্ড হওয়া এবং এর জের ধরে সৃষ্ট তাণ্ডবের পর নগরে ব্যাপক ধড়পাকড় শুরু করেছে পুলিশ। আজ সোমবার বিকেল থেকে ২০ দলের নেতা-কর্মীদের ধরা শুরু হয়। রাত নয়টা নাগাদ বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। সরকারের নির্দেশে পুলিশ এ কর্মসূচি পণ্ড করে দেয়।

আমাদের সমাবেশে দুই থেকে আড়াই লাখ মানুষের উপস্থিতি ছিল। এ দৃশ্য দেখে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে কর্মসূচি পণ্ড করার সিদ্ধান্ত নেয়।’ পুলিশ বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করছে বলেও দাবি করেন তিনি।

এর আগে দুপুরে পুলিশের ওপর হামলার জের ধরে চট্টগ্রাম নগরে নাসিমন ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির কর্মীরা যানবাহন ভাঙচুর করে, আগুন দিয়ে ও সড়ক বিভাজক ভেঙে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই এলাকায় তাণ্ডব চালান।