চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রীর সামনেই আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সার্সন রোডে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাসভবন চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষই চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি ও নির্বাচনী এলাকা আনোয়ারায়।
আহত দুজন হলেন আহমদ নূর ও ইউছুফ নূর। তাঁরা দুজন ভাই। আহমদ নূরকে একটি বেসরকারি হাসপাতালে এবং ইউছুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের একজন নেতা জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ঘটনা সম্পর্কে জানি না। কেউ আমাদের এই ঘটনা জানায়নি।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষ রাতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান। মূলত একটি সড়কের বিরোধ নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের বৈঠক চলছিল। বৈঠকে একপর্যায়ে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হন।
এ বিষয়ে বক্তব্য জানতে গত রাতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মন্ত্রীর বাসভবনে সালিস চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তিনি বলতে পারেননি।