চট্টগ্রামে মীর নাছির ও তাঁর ছেলেকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তাঁর ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়। মীর নাছির উদ্দিনকে ভাইস চেয়ারম্যান ও তাঁর ছেলে মীর হেলাল উদ্দিনকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ট্রেনযোগে চট্টগ্রামে পৌঁছালে তাঁদের চট্টগ্রাম পুরোনো স্টেশনে সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে মীর নাছির উদ্দিন বলেন, ‘জিয়ার হাত ধরে জাগদল থেকে বিএনপিতে এসেছি। হাজারো ঘাত-প্রতিঘাত, নির্যাতন-নিপীড়ন, জেল-জুলুম সহ্য করেছি। এক মুহূর্তের জন্যও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি।’ তিনি বলেন, ‘আমি পদের রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি বলে সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
বিএনপির কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করে মীর নাছির বলেন, ‘বিএনপির কমিটি নিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের গাত্রদাহ প্রমাণ করে, বেগম খালেদা জিয়া সঠিকভাবে নেতৃত্ব বাছাই করেছেন। বিএনপি সঠিক পথেই আছে।’
মীর নাছির আরও বলেন, আওয়ামী লীগ জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তৃতা-বিবৃতি দিলেও তাঁদের নেতাদের সন্তানেরাই জঙ্গিবাদে জড়িত বলে প্রমাণ হয়েছে।
মীর হেলাল বলেন, ‘শুধু জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়ার কারণে আমাদের পরিবারের সদস্যরা জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আমার বাবা ও আমি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের এক মুহূর্তের জন্যও পেছনে ফেলে যাইনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী।