চট্টগ্রামে যুবলীগের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, বাংলাদেশের অভ্যুদয় এক আনন্দ-বেদনার কাব্য। মুক্তিযুদ্ধ হচ্ছে জীবন উৎসর্গ করা জীবনজয়ের আখ্যান।
স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর যুবলীগ আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে অনুপম সেন এ কথা বলেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ফজলুল হক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ প্রমুখ।
অনুপম সেন বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য উল্লেখ করে বলেন, পাকিস্তান একক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলেও ভৌগোলিক বাস্তবতায় তা মোটেও একক ছিল না। সাংস্কৃতিকভাবে ছিল আলাদা সত্তা। এ কারণে রাষ্ট্রের পূর্বাংশে বাঙালির স্বশাসন নিরঙ্কুশ করার লক্ষ্যে বঙ্গবন্ধু তুলে ধরেছিলেন ছয় দফা দাবি। জেল-জুলুম ও নিপীড়নের মুখেও তিনি ছিলেন আপসহীন। ছয় দফার পক্ষে জোরালো সমর্থন আদায়ের পর ১৯৭০ সালের অভূতপূর্ব নির্বাচনী রায় পায় বাঙালিরা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর আচরণের কারণে মুক্তিযুদ্ধ ছিল অনিবার্য।
ফজলুল হক বলেন, বাঙালি জাতি সব সময় সংকটময় সময়ে ঐক্যবদ্ধ থেকেছে। দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সক্ষমতার পরিচয় দিয়েছে। যেসব অর্জনে ঘাটতি আছে, তা নিরসনে সমগ্র জাতিকে স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হতে হবে।