অপ্রীতিকর ঘটনা ছাড়া চট্টগ্রামে জামায়াতের হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে জামায়াতের কোনো কর্মীকে রাস্তায় নামতে দেখা যায়নি। দূরপাল্লার গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি চলাচলই কেবল বন্ধ ছিল।
এ ছাড়া নগরে হরতালের আর কোনো প্রভাব পড়েনি; বরং আওয়ামী লীগ ও ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরের রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
নাশকতার আশঙ্কায় পুলিশ বুধবার রাতে নগরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই জামায়াত-শিবিরের কর্মী। এর মধ্যে পাঁচলাইশ এলাকায় তিনজন, বাকলিয়ায় দুজন এবং হালিশহরে একজন রয়েছে। পুলিশি অভিযান টের পেয়ে জামায়াতের অনেক নেতা-কর্মী গা ঢাকা দেন।
নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে ছিল। তবে বুধবার রাতের অভিযানে পুলিশ তিনটি থানা এলাকা থেকে ছয়জনকে ধরেছে।’
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ গতকাল নগরের আগ্রাবাদ, বাদামতলী, বারেক বিল্ডিং, দেওয়ানহাট, আন্দরকিল্লা, মুরাদপুর, ওয়াসা, লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ ২০টি মোড়ে অবস্থান নিয়ে হরতালবিরোধী সমাবেশ করেছে। জামায়াতের কড়া সমালোচনা করে তারা বলেছে, এরা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গণমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখন তারা সর্বোচ্চ আদালতের প্রতিও অশ্রদ্ধা দেখিয়ে হরতাল দিয়েছে। সাধারণ মানুষ তাদের এসব কর্মসূচি মেনে নেবে না।