চট্টগ্রামে স্থগিত হওয়া ১৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রামের ছয় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৮টি কেন্দ্রে গতকাল সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে পটিয়ায় তিনটি, হাটহাজারীতে তিনটি, বোয়ালখালীর একটিসহ মোট সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়। সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ইউপি নির্বাচনের প্রথম ছয় ধাপে ব্যালট ছিনতাই, সহিংসতাসহ নানা কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

পটিয়া: গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার কারণে পটিয়া উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের দুটি, জঙ্গলখাইন ও কচুয়াই ইউনিয়নের একটি করে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এ ছাড়া বড় উঠান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে দুজন সদস্য প্রার্থী সমান ভোট পান। গতকাল এ পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গতকাল দুপুরে জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ১০-১২ জন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পুরুষ ভোটারদের সারি ছিল প্রায় ফাঁকা। বেলা আড়াইটার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দেখা যায়নি।

বেলা দুইটার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে শাহিন আকতার নামের এক মহিলা সদস্য প্রার্থীকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আটক করে পুলিশ। অবশ্য আধা ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বোয়ালখালী: ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার চরণদ্বীপের একটি ও সারোয়াতলী ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। গতকাল এ চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। সকালের দিকে ভোটারের উপস্থিতি থাকলেও দুপুরের পর কমে যায়।

ব্যালট ছিনতাইয়ের অভিযোগে স্থগিত হওয়া চরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাটিয়ালপাড়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্যপদে গতকাল ভোট গ্রহণ করা হয়। সারোয়াতলী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্যপদে দুই নারী প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নতুন করে ভোট গ্রহণ করা হয়।

সাতকানিয়া: সাধারণ সদস্যপদে দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় উপজেলার মাদার্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রে পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

এদিকে এওচিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডে গতকাল ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞায় এ কেন্দ্রে ছয় মাসের জন্য ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

হাটহাজারী: উপজেলার গুমাইমর্দন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে, চিকনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে, মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে, ছিপাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত সদস্যপদে এবং মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 আনোয়ারা: আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ করা হয়।

সন্দ্বীপ: উপজেলারআজিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুই সদস্য পদপ্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় গতকাল নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া ও বোয়ালখালী প্রতিনিধি)