চট্টগ্রামে সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ এই কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকাসংলগ্ন অক্সিজেন-রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন প্রায় ৫০ জন নেতা-কর্মী।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই দিকে আটকা পড়ে অসংখ্য যানবাহন। প্রায় এক ঘণ্টা এই অবস্থা চলে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বাঘাইছড়িতে নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক বিকুল তাজিম প্রথম আলোর কাছে দাবি করেন, শিক্ষাসফরে রাঙামাটির সাজেক ভ্যালিতে গিয়েছিলেন পাঁচ নেতা-কর্মী। ফেরার পথে কোনো কারণ ছাড়াই বাঘাছড়ি থানার পুলিশ তাঁদের আটক করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। তিনি বলেন, হাটহাজারী থানার ওসির আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। আটক নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
তবে বাঘাইছড়ি থানার ওসি মো. আবুল কালাম বলেন, পুলিশের ওপর হামলার চেষ্টা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ সাতজনকে গতকাল দুপুরে আটক করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মো. আজিজুর রহমানের হাজীপাড়ার বাড়ির সামনে থেকে তাঁদের আটক করা হয়েছে। নির্বাচনে আজিজুর রহমানের পক্ষে কাজ করতে নেতা-কর্মীরা এখানে আসেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাঘাইছড়ি পৌর সদরের হাজীপাড়া এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসি মো. আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর দুই পক্ষ সরে যায়। এরপর দুপুর ১২টার দিকে থানায় ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানের বাড়ির সামনে পুলিশের গাড়ি গতিরোধ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে আজিজুর রহমান ও তাঁর সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকজন পুলিশের ওপর চড়াও হয়। তখন ঘটনাস্থলে হাজির হয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ সাতজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজিদ সজল ও মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পরাজিত মেয়র প্রার্থী আজিজুর রহমানের ছেলে মো. রাকিব হোসেন, ছাত্রলীগের কর্মী মো. দেলোয়ার হোসেন, মো. আফজাল হোসেন, মো. পিয়াল এবং স্থানীয় বাসিন্দা নূর হোসেন।
তবে আজিজুর রহমান দাবি করেন, আটক ছাত্ররা কিছুদিন আগে তাঁর ছেলের সঙ্গে বাঘাইছড়িতে বেড়াতে এসেছিলেন। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের সঙ্গে তাঁর ছেলেকেও আটক করেছে।
এদিকে গতকাল রাত পৌনে নয়টায় নগরের ষোলশহর রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যা ম্পাসগামী শাটল ট্রেন অবরোধ করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের।
ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে ক্যা ম্পাসগামী শাটল ট্রেন অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ট্রেনের চালককে ধরে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে এনেছে।