চট্টগ্রামে ২০-দলীয় জোটের কালো পতাকা মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহম্মদ সড়কে কালো পতাকা মিছিল করেছে ২০-দলীয় জোট। এ ছাড়া নগর স্বেচ্ছাসেবক দল নাসিমন ভবনের অদূরে ভিআইপি টাওয়ারের সামনে আলাদা আরেকটি সমাবেশ করে।
নুর আহম্মদ সড়কে মিছিলের পর সমাবেশ করে ২০-দলীয় জোট। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে। বিশ্ব জনমতের কোনো তোয়াক্কা করছে না ইসরায়েল। একইভাবে বাংলাদেশের জনগণের মতামত উপেক্ষা করে আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে। আমীর খসরু বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। সরকার গণবিচ্ছিন্ন বলে জনগণকে ভয় পায়। তাই প্রশাসনের ওপর ভর করে দেশে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
সভাপতির বক্তব্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর যেভাবে হামলা করেছে, বাংলাদেশেও আওয়ামী লীগ সরকার দেশের জনগণ ও বিরোধী নেতা-কর্মীদের ওপর একই কায়দায় হামলা চালাচ্ছে। কঠোর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।
এদিকে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভিআইপি টাওয়ারের সামনে কালো পতাকা মিছিল ও সমাবেশ হয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার বক্তৃতা করেন।