চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
বৃহত্তর চট্টগ্রামে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। চলবে কাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এ হরতাল ডেকেছে।
হরতালে সকাল থেকে জোটের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। কোনো মিছিল বা পিকেটিংয়েরও খবর পাওয়া যায়নি।
নগরের জনজীবনে হরতালের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস ও টেম্পো চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি চলছে না।
নগরীতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। তবে দূরপাল্লার যানবাহন চলছে না।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরাও কাজ করছেন।
উপজেলায়ও অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।