চট্টগ্রামে ৪০ কিমি দীর্ঘ মানবপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের ৪০ কিলোমিটার এলাকায় সড়কের পাশে দীর্ঘ মানবপ্রাচীর কর্মসূচি পালন করা হয়েছে। ‘শোকের শক্তিতে রুখো সন্ত্রাস ও জঙ্গিবাদ’ এই স্লোগানে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

মানবপ্রাচীরে মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সিটি করপোরেশন পরিচালিত ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানবপ্রাচীরের এক পাশ ছিল নগরের শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বর থেকে বহদ্দারহাট, মুরাদপুর, সিডিএ অ্যাভিনিউ, শেখ মুজিব রোড হয়ে পতেঙ্গা পর্যন্ত। অন্য পাশ ছিল দেওয়ানহাট থেকে অলংকার, ষোলশহর ২ নম্বর গেট থেকে অক্সিজেন এবং বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত। সড়কের কোথাও এক পাশে আবার কোথাও দুই পাশে মানবপ্রাচীর তৈরি করা হয়।

গতকাল সকালে জিইসি মোড়, গরিব উল্লাহ শাহ মাজার মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগারপাস এলাকা ঘুরে সড়কের দুই পাশে শত শত শিক্ষার্থীকে মানবপ্রাচীরে অংশ নিতে দেখা যায়। টাইগারপাস মোড়ে মেয়র নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। স্বাধীনতাবিরোধী ও তাদের আশ্রয়দানকারী ব্যক্তি ছাড়া অন্য সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে।

এর আগে গতকাল ভোরে নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র নাছির উদ্দীন। দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর নাজমুল হক, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন প্রমুখ।