চট্টগ্রামেও জাপা দুই ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির দ্বন্দ্বের জেরে চট্টগ্রামেও দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাংসদ মাহজাবীন মোরশেদ এবং আরেক পক্ষের নেতা হলেন নগর কমিটির সাবেক সভাপতি সোলায়মান শেঠ।
এঁদের মধ্যে মাহজাবীন হলেন দলের বর্তমান মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদের আশীর্বাদপুষ্ট। আর সোলায়মান শেঠ হলেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের আশীর্বাদপুষ্ট।
দলীয় সূত্রগুলো জানায়, গত এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে জাপার রাজনীতির একক নিয়ন্ত্রণ ছিল সোলায়মান শেঠের হাতে। ১০ এপ্রিল রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রওশনপন্থী অন্যতম নেতা জিয়াউদ্দিন আহম্মেদকে জাপার মহাসচিব করেন এরশাদ। এর পর থেকে জিয়াউদ্দিন এরশাদপন্থী আর রুহুল আমিন হাওলাদার রওশনপন্থী অংশের দিকে ঝুঁকে পড়ায় চট্টগ্রামের জাপার রাজনীতিতেও নতুন মেরুকরণ শুরু হয়।
কেন্দ্রে রুহুল আমিন হাওলাদার কোণঠাসা হয়ে পড়ার সঙ্গে চট্টগ্রামে সোলায়মান শেঠও চাপে পড়েন। একপর্যায়ে গত ১২ আগস্ট কেন্দ্র থেকে সোলায়মান শেঠের নেতৃত্বাধীন জাপার চট্টগ্রাম মহানগর কমিটি ভেঙে দিয়ে মাহজাবীন মোরশেদকে প্রধান করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অথচ গত বছরের ৩০ মার্চ সম্মেলনের মাধ্যমে সোলায়মানকে সভাপতি ও তপন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য জাতীয় পার্টির নগর কমিটি গঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলীয় প্রধান এরশাদও উপস্থিত ছিলেন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কমিটি ভেঙে দেওয়ার জন্য জিয়াউদ্দিন আহম্মেদকে দায়ী করছেন সোলায়মানের অনুসারীরা। তাঁরা মনে করেন, গত রমজানে জিইসি মোড়ে নতুন মহাসচিব জিয়াউদ্দিনের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ জিয়াউদ্দিন দলের চেয়ারম্যানকে দিয়ে এ কমিটি ভেঙে দিয়েছেন।
অবশ্য সোলায়মান শেঠ প্রথম আলোর কাছে দাবি করেন, হঠাৎ কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা তাঁর বোধগম্য নয়। আর জিয়াউদ্দিনের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তাঁর অনুসারীরা জড়িত নন। তিনি বলেন, ‘স্যার (এরশাদ) আমাকে চুপ থাকতে বলেছেন। তাই আমি চুপ থাকছি।’
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য জিয়াউদ্দিন আহম্মেদ চীন যাওয়ার আগে তাঁর সঙ্গে এ প্রতিবেদক মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করেন। কিন্তু তিনি প্রসঙ্গটি শোনার পর প্রতিবারই ব্যস্ততার অজুহাত দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে মাহজাবীন বরাবরই এরশাদপন্থী নেতা ছিলেন। দশম সংসদে তিনি জাপা থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেয়ে সাংসদ হন। এর আগে নবম সংসদেও একইভাবে সাংসদ ছিলেন। তিনি মূলত উত্তরাধিকার সূত্রে জাপার রাজনীতিতে আসেন। তাঁর শ্বশুর মরহুম সেকান্দর হোসেন মিয়া এরশাদের আমলে দুই দফা (১৯৮৬ ও ১৯৮৮) সাংসদ হয়েছিলেন।
মাহজাবীন মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমার শ্বশুর চট্টগ্রামে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর তৃণমূলের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। কেন্দ্র থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সবাইকে নিয়ে রাজনীতি করি।’