চট্টগ্রামের জাসদ নেতাদের পাল্টাপাল্টি বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদকসহ বৃহত্তর চট্টগ্রামের বেশ কয়েকজন নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সমর্থন জানিয়ে এবার পাল্টা বিবৃতি দিয়েছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে ইনু ও শিরীন আখতারের নেতৃত্বাধীন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জাসদের একাংশের নেতারা দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে নেই বলে বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে তাঁরা ভেঙে যাওয়া জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের প্রতি সমর্থন জানান।
গতকাল গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম মহানগর জাসদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, যাঁরা সংগঠনে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালিয়েছেন তাঁরা ব্যর্থ হয়েছেন। ইনু-শিরীন আখতারের নেতৃত্বে মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী লড়াই আরও জোরদার করার অঙ্গীকার করেন তাঁরা।
বিবৃতিদাতারা হলেন জাসদের প্রবীণ নেতা আবুল কালাম আজাদ, দলের শিল্পবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, মহানগর জাসদের সহসভাপতি অভীক ওসমান, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, উত্তর জেলা জাসদের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আকতার, দক্ষিণ জেলা জাসদের পক্ষে নুরুল আবছার প্রমুখ।
জাসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মহানগর কমিটির ৪৩ জনের মধ্যে ৩৮ জন আমাদের সঙ্গে আছেন। বাকি পাঁচজন আমাদের সঙ্গে নেই। এ ছাড়া বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম ছাড়া বাকি চারটি জেলার সংখ্যাগরিষ্ঠ নেতা ইনু-শিরীনের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
পাল্টা বিবৃতির বিষয়ে জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ইন্দুনন্দন দত্ত বলেন, ‘দল ভেঙে ব্যক্তির নেতৃত্ব প্রতিষ্ঠা করলে আন্দোলন বেগবান হয় না। আদর্শের ভিত্তিতে কারা জঙ্গিবাদ ও মৌলবাদবিরোধী আন্দোলন করবে সেটা আগামী দিনে প্রমাণিত হবে।’