চট্টগ্রামের নেতারা 'বিব্রত', 'বিভক্ত' অনুসারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে সাংসদ আফছারুল আমীনের বিতণ্ডার ঘটনায় ‘বিব্রত’ চট্টগ্রাম আওয়ামী লীগ। মন্ত্রীর দিকে সাংসদের তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে দলে ‘অস্বস্তিকর’ অবস্থা তৈরি হয়েছে বলে নেতাদের অনেকে মন্তব্য করেছেন। এ ঘটনা দলের শৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দুই নেতার অনুসারীরা এ ঘটনায় পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সরব হয়েছেন।
সাংসদ আফছারুল আমীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রী মোশাররফের নির্বাচনী এলাকা চট্টগ্রামের মিরসরাইয়ে টানা দুই দিন বিক্ষোভ হয়েছে। পোড়ানো হয়েছে সাংসদের কুশপুত্তলিকা। তাঁকে সংসদ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন মিরসরাইয়ের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দুজনই (মন্ত্রী ও সাংসদ) সেদিন অরাজনৈতিক আচরণ করেছেন। এই আচরণের দায় দুজনেরই। শিশুসুলভ আচরণের জন্য দুজনেরই আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে।’ মন্ত্রী ও সাংসদের আচরণের কারণে দলের ভেতরে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগরের উড়ালসড়কের কার্যকারিতা নিয়ে তুমুল বাগ্বিতণ্ডায় জড়ান গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাংসদ আফছারুল আমীন। তর্কের একপর্যায়ে আফছারুল আমীন মন্ত্রীর দিকে তেড়ে যান। তখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ বিশিষ্টজনেরা ছুটে গিয়ে তাঁদের শান্ত করেন। বাগ্বিতণ্ডার মধ্যে তাঁদের অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দলের নেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। একই মঞ্চে নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্যও দিয়েছেন। কিন্তু শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা দুঃখজনক। মেয়র বলেন, ‘অতীতে কখনো এ রকম ঘটনা কোথাও ঘটেনি। আসলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন এ রকম হলো আমি নিজেও বুঝতে পারছি না।’
চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রোববার সন্ধ্যায় তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘ভাইসাব ক্ষমতা এত বেশি, তবে এমপি (সাংসদ) সাহেবের (আফছারুল আমীন) বাড়ির সামনের রাস্তাঘাট-বাজার যা কিছু আছে সব অবরোধ করতেন! দেশের অর্থনীতির মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম রোড যদি এভাবে বন্ধ করে দেন তবে অপরাধটা জনগণের মনে হচ্ছে।’ তাঁর পোস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় মন্ত্রীর অনুগত ব্যক্তিদের অবরোধের ছবিও যুক্ত (ট্যাগ) করে দেওয়া হয়।
মিরসরাইয়ের মগাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী রোববার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ব্যক্তিদের জায়গা নেই। আফছারুল আমীনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিঃশর্ত ক্ষমা চাওয়াই আমাদের দাবি।’
নগরের বন্দর এলাকার ছাত্রলীগের কর্মী মোহাম্মদ মেহেদী হাসান রোববার রাতে তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে কারও সঙ্গে আপস নয়, সে যে-ই হোক। চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর এভাবেই জ্বালিয়ে দিক চট্টগ্রামের উন্নয়নের বাধা দেওয়া দালালদের।’
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে এক ঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহেদ ইকবাল চৌধুরী নেতৃত্ব দেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতার (মন্ত্রী) সঙ্গে অশোভন আচরণ করেছেন আফছারুল আমীন। এই আচরণ সভ্য সমাজে মেনে নেওয়া হয় না। তাই আমরা রাস্তায় নেমেছি।’
এদিকে মন্ত্রী মোশাররফ হোসেনের পথরোধ করা এবং তাঁর সঙ্গে অশোভন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটের মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।
সাংসদের বিরুদ্ধে নেতা-কর্মীদের বিক্ষোভের বিষয়ে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘শনিবার যা ঘটেছে তা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমি তো কোনো প্রতিক্রিয়া দেখাইনি।’ মিরসরাইয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের বিষয়ে তিনি বলেন, ‘ওদের কে বলেছে কর্মসূচি দিতে?’
প্রকাশ্য সভায় মন্ত্রী ও সাংসদের বিতণ্ডার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। তাঁর মতে, ওই ঘটনায় দলে দ্বন্দ্ব বাড়বে না।
মন্ত্রীর সঙ্গে করা আচরণের বিষয়ে সাংসদ আফছারুল আমীন মুঠোফোনে গতকাল এই প্রতিবেদককে বলেন, ‘উনি (মন্ত্রী) সত্তরের আর আমি ২০০৯ সালের এমপি। উনি আমার অনেক সিনিয়র। কিন্তু সিনিয়র যদি সংযত আচরণ না করেন তাহলে জুনিয়র তো প্রতিক্রিয়া দেখাবেনই। সে ক্ষেত্রে জুনিয়রের প্রতিক্রিয়া দেখানো দোষের কি না, সেটা আপনি বলুন।’
এ বিষয়ে মন্ত্রী মোশাররফ বলেন, ‘উনি (সাংসদ) আমার অনেক জুনিয়র। রাজনীতিতে আমি সিনিয়র। আমি শনিবার উড়ালসড়ক নিয়ে বক্তব্য দিয়েছি। উনিও দিয়েছেন। জনগণ ওনারটা গ্রহণ করলে আমি মাথা পেতে নেব।’
পুরো ঘটনাটিকে দল এবং নেতা-কর্মীদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ ঘটনা নিয়ে এর বেশি তাঁর আর কোনো বক্তব্য নেই বলে জানান তিনি।