চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং-বিমানবন্দর সড়ক আজ থেকে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশ প্রশাসন সিমেন্ট ক্রসিং থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আট কিলোমিটার সড়কটি বন্ধ করে দিচ্ছে। আজ বেলা তিনটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আগামী শুক্রবার সকালে সড়কটি আবার খুলে দেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, বিমানবন্দরের যাত্রীরা বিকল্প হিসেবে নগরের কাটগড় এলাকার সড়ক দিয়ে যাতায়াত করতে পারবে। কারণ, সিমেন্ট ক্রসিং থেকে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের পাশে রয়েছে দেশের জ্বালানি তেলের তিনটি বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও একটি জ্বালানি তেল পরিশোধন কারখানা। এ ছাড়া ডকইয়ার্ডসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কারখানা ও স্থাপনা ওই সড়কের পাশে রয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুন-উর রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে বুধবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিমেন্ট ক্রসিং-বিমানবন্দর সড়ক বন্ধ রাখা হবে। এই সড়কের পাশে রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা, জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, নৌ ও বিমানবাহিনীর ঘাঁটি এবং আরও কয়েকটি স্পর্শকাতর কারখানা।

হারুণ-উর রশিদ হাযারী আরও বলেন, সিমেন্ট ক্রসিং-বিমানবন্দর সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। কেবল সরকারি গাড়ি ও জ্বালানি তেলবাহী ভাউজার চলাচল করতে পারবে।