চতুর্দিকে নয় এক দিকে ঢিল ছুড়ছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, চতুর্দিকে নয়, জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তিনি এক দিকেই ঢিল ছুড়ছেন। তিনি গতকাল বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন।
গতকাল প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘চতুর্মুখী ঢিল ছুড়ছেন এরশাদ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘একটি কথা বলি, প্রথম আলো আমাদের বিরুদ্ধে লেখে। এক ভদ্রলোক লিখেছেন, এরশাদ সাহেব নানা দিকে ঢিল ছুড়ছেন। আমি ঢিল ছুড়ছি এক দিকে, জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য। জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাব। সেই ঢিল ছুড়ছি।’
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টি। এ সময় প্রেসক্লাবের সামনে ও মতিঝিলে খোলা ট্রাকে দাঁড়িয়ে দুই দফা বক্তব্য দেন এরশাদ।
গাজায় গণহত্যার প্রতিবাদে সোচ্চার না হওয়ায় বাংলাদেশের ইসলামপন্থী দল, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন এরশাদ। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক ইসলামি দল আছে, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী অনেক দল রয়েছে। তাদের রাস্তায় দেখি না। তাদের ইসলাম শুধু মুখে মুখে। কিন্তু আমরা বিশ্বাস করি, এ সময়ে রাজপথে নামা, জিহাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনারা প্রতিবাদ করেছেন, কিন্তু আপনাদের রাস্তায় দেখতে চাই। আপনার দলকে রাস্তায় নামান। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান।’
এ সময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবুল হোসেন, মীর আবদুস সবুর, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।