চন্দনাইশ উপজেলা আ.লীগ কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকায় ৪ অক্টোবর দুর্বৃত্তরা একটি বাড়ি গুঁড়িয়ে দেয়। এতে মোজাফ্ফর আহমদ নামের এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কমিটি ভাঙার নীতিগত সিদ্ধান্ত হয়।
গতকাল শনিবার বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোছলেমউদ্দিন আহমদের লালখান বাজারের বাসায় স্থানীয় সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বৈঠক হয়। ওই বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তটি হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চন্দনাইশের এলাহাবাদের ঘটনাটি দুঃখজনক। এই ঘটনায় আমাদের দলের উপজেলা সাধারণ সম্পাদকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ কারণে আমরা উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহে জেলা কমিটির বৈঠকে তা কার্যকর করা হবে।’
অভিযোগ প্রসঙ্গে আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এলাহাবাদের ঘটনার সঙ্গে আমার নূ৵নতম সম্পর্ক নেই। কর্নেল অলি আহমদের দোসররা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আগেও আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সাংগঠনিক তদন্ত দাবি করছি।’