চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান 'বিবেকের তাড়নায়' আ.লীগে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও এলডিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক (বহিস্কৃত) আবদুল জব্বার চৌধুরী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরি চন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত সভা ছিল। সেখানে নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল নিয়ে সেখানে যান তিনি। পরে বক্তৃতায় বলেন, ‘বিবেকের তাড়নায়’ তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।
দলবদল করায় আবদুল জব্বার চৌধুরী ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় চন্দনাইশ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নর্বনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা জানাতে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভুঁইয়া। উপজেলা কমিটির সাধারণ সম্পদক আবু আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার, পৌরসভার মেয়র মাহবুবুল আলম।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম এ সভায় উপস্থিত ছিলেন না। পরে তিনি প্রথম আলোকে বলেন, অন্য দল থেকে কেউ আওয়ামী লীগে যোগদান করতে চাইলে এ নিয়ে আগে দলীয় ফোরামে আলোচনা করতে হয়। উপজেলা চেয়ারম্যানের যোগদানের বিষয়ে দলে কোনো আলোচনা হয়নি। তাই তিনিসহ দলেল অনেক নেতা-কর্মী এ সভায় উপস্থিত ছিলেন না।
বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
আবদুল জব্বার চৌধুরীকে উদ্দেশ করে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমি তাঁকে আওয়ামী লীগে যোগদান করার আহ্বান জানিয়েছিলাম।’
সভায় আবদুল জব্বার চৌধুরী বলেন, বিবেকের তাড়নায় তিনি আওয়ামী লীগের যোগদান করেছেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে তিনি অভিভূত হয়েছি। জঙ্গিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করতে তিনি কাজ করে যাবেন বলে জানান।
দলবদলের বিষয়ে চন্দনাইশ পৌরসভা এলডিপির আহ্বায়ক এম আইনুল কবীর বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আবদুল জব্বার চৌধুরীকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়। তাঁর সঙ্গে এলডিপির কোনো সম্পর্ক নেই।