চরভদ্রাসনে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির দুই পক্ষ পৃথকভাবে সম্মেলন করেছে।
তবে একটি পক্ষ ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করলেও সমঝোতা না হওয়ায় অপর পক্ষ কোনো কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ করে।
উপজেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ-সমর্থিত অংশ উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম রেজা। এ সময় ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মো. ইয়াকুব আলীকে সভাপতি ও ওবায়দুল বারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া এ জি এম বাদল আমিনকে জ্যেষ্ঠ সহসভাপতি, ফারুক হোসেন মৃধাকে সহসভাপতি, মোজাফ্ফর হোসেনকে যুগ্ম সম্পাদক ও আবদুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এদিকে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্যান্ডেল করে পৃথক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপির সভাপতি জহুরুল হক। ওই সম্মেলনে প্রধান অতিথিও ছিলেন তিনি। এ সময় নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলনস্থলে তাঁরা কোনো কমিটি ঘোষণা করেননি।
তবে উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয় সড়কে উপজেলা বিএনপির কার্যালয় থাকলেও বিবদমান ওই দুই পক্ষের কেউ সেখানে সম্মেলন আহ্বান করেনি।