চলচ্চিত্রে স্বর্ণযুগ ফিরবে শিগগিরই: তথ্যমন্ত্রী
‘চলচ্চিত্রে শিল্পে শিগগিরই স্বর্ণযুগ ফিরে আসবে’—এই প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশে যে শিল্পের যাত্রা শুরু, সেই চলচ্চিত্র যাতে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে মানুষকে প্রত্যয়ী ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সংগঠনের পক্ষে সূচনা বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র মাধ্যমে দেশের মানুষের জীবনচিত্র যেমন পরিস্ফুটন করা যায়, একই সঙ্গে মানুষের মনন তৈরি করার ক্ষেত্রেও চলচ্চিত্র বিরাট ভূমিকা রাখতে পারে। এ দেশের চলচ্চিত্রকার ও শিল্পী-কুশলীরা অনেক মেধাবী, বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং তাঁদের হাত দিয়ে তৈরি অনেক ছবি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। চলচ্চিত্র শিল্পে শুধু স্বর্ণযুগ ফিরিয়ে আনাই নয়, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র যেন বিশ্ব অঙ্গনেও জায়গা করে নিতে পারে।’
হাছান মাহমুদ বলেন, ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্ধ সিনেমা হল চালু করতে কিংবা চালু থাকলেও তার আধুনিকায়নে এবং নতুন সিনেমা হল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছেন। এই তহবিল থেকে ঢাকা ও চট্টগ্রামে ৫ শতাংশ সুদে এবং ঢাকা ও চট্টগ্রামের বাইরে ৪ দশমিক ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ চালু করা একটি অভূতপূর্ব পদক্ষেপ। এ ছাড়া প্রতি জেলায় নির্মীয়মাণ তথ্য ভবনের সঙ্গে একটি করে সিনেমা হল থাকবে, যা ইতিমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে পাস হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলচ্চিত্র নির্মাণে অনুদানের বছরপ্রতি বরাদ্দ ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগের ১০টি থেকে বাড়িয়ে গত বছর ১৬টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানের ছবি কমপক্ষে ২০টি হলে মুক্তি দেওয়ার বাধ্যবাধকতাও তৈরি করা রয়েছে। তিনি আরও জানান, এফডিসির নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমও শেষ পর্যায়ে। চট্টগ্রামেও এফডিসির একটি আউটলেট করার জন্য বিটিভি থেকে এক একর জায়গা এফডিসিকে দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী এ সময় চলচ্চিত্র নির্মাণে এফডিসির নির্ধারিত ব্যয় কমিয়ে আনা এবং চলচ্চিত্র নির্মাণের জন্য এফডিসিকে থোক বরাদ্দ দেওয়ার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির প্রস্তাবকে স্বাগত জানান।
পরিচালক সমিতির নেতারা অনুষ্ঠানে চলচ্চিত্র বিষয়ে মন্ত্রণালয় ও সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন, সেন্সর বোর্ডে সমিতির প্রতিনিধিত্ব, যেকোনো চলচ্চিত্র সেন্সরের জন্য পরিচালক সমিতির সনদ বাধ্যতামূলক করা, চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে সমিতির প্রতিনিধিত্ব এবং সব টেলিভিশনে চলচ্চিত্র প্রদর্শনের সময় পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালকের নামসহ দেখানোর পাঁচটি প্রস্তাবসংবলিত পত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।
এ সময় বিএনপির বাজেট প্রতিক্রিয়াসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘গত ১২ বছর ধরে বাজেটের পরপরই তাদের একই ধরনের সমালোচনা ও মন্তব্য দেখে আসছি। বিএনপিকে আমি প্রশ্ন রাখতে চাই যে ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল? ১২ বছর আগে আমাদের বাজেটের আকার ছিল ৮৮ হাজার কোটি টাকা, এখন সেখান থেকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ৭ গুণের বেশি, এটি কীভাবে সম্ভবপর হলো?’ বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাজেট তো এখনো পাস হয়নি, অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁদের কোনো সুপরামর্শ থাকলে দিতেই পারেন। তাঁরা মেধাবী, কিন্তু বাজেট নিয়ে বক্তৃতায় মনে হচ্ছে তাঁরা মেধাহীন হয়ে গেছেন।’
চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সংস্কৃতি ও ক্রীড়াসচিব শাহীন কবির টুটুল, নির্বাহী সদস্য জাকির হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মণি সভায় অংশ নেন।