রাজশাহীতে মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির রাজনীতিতে বিভেদ দেখা দিয়েছে। পুনর্গঠিত মহানগর বিএনপির কমিটি নিয়েও ক্ষোভ আছে নেতা-কর্মীদের। যুবদলের নতুন কমিটি ও মহানগর বিএনপির পুনর্গঠিত কমিটি বাতিল করার দাবিতে গতকাল শনিবার ক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন। এতে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের প্রায় এক হাজার নেতা দল থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রাজশাহী শহরের বহরামপুর এলাকায় সিটি বাইপাস সড়কে গতকাল দুপুরে এ মানববন্ধন হয়। নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। মানববন্ধনে নেতা-কর্মীরা কমিটি বাতিলসহ বিভিন্ন দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। পরে বিভিন্ন কমিটির নেতারা রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে গণপদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এর আগে গত সোমবার রাতে একই দাবিতে পদত্যাগ করেন নগর বিএনপি ও যুবদলের ৭০ নেতা।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ। এতে তিনি বলেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড থেকে মহানগর পর্যন্ত বিএনপি ও যুবদলসহ সব অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলোকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমানের তল্পিবাহকে পরিণত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, যুবমৈত্রী ও যুবলীগের লোক নিয়ে যুবদলের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এভাবে দলকে ধ্বংস করা হচ্ছে। একক নেতার কবজা থেকে দলকে রক্ষার জন্য যুবদল ও সহযোগী সংগঠনের নেতারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সব নেতা পদত্যাগ করেছেন। সেই সঙ্গে এই ওয়ার্ডের যেসব নেতার রাজশাহী মহানগর বিএনপি ও রাজপাড়া থানা বিএনপির সদস্য রয়েছেন তাঁরাও পদত্যাগ করেছেন। মানববন্ধন চলাকালে নেতাদের গণপদত্যাগের স্বাক্ষর নেওয়া হয়। এর কপি সাংবাদিকদেরও সরবরাহ করা হয়।
দল থেকে গণপদত্যাগের বিষয়ে পুনর্গঠিত মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, গঠনতন্ত্রে এ ধরনের কোনো বিধান নেই। তা ছাড়া মানববন্ধনে যত লোক গেছেন সবার দলীয় পদ ছিল না। কমিটি নিয়ে মিজানুর রহমানের ওপর নেতা-কর্মীদের ক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘মিনু (মিজানুর রহমান) ভাই বড় নেতা। তাঁর ওপর কারও ক্ষোভ থাকতেই পারে। রাস্তায় বিক্ষোভ বা পদত্যাগ না করে তাঁর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। যাঁরা এসব করছেন তাঁরা দলকে ভালোবাসেন না।’
ক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর ঘনিষ্ঠ বিএনপির এক নেতা জানান, মিজানুর রহমান ২০-দলীয় জোটের কর্মসূচিতে যোগ দিতে গতকাল রংপুরে যান।
২৩ আগস্ট মহানগর যুবদলের নতুন কমিটি ও মহানগর বিএনপির কমিটি পুনর্গঠত করা হয়। এরপর প্রতিদিনই প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, যুবদলের নতুন কমিটি থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ তাঁর অনুসারীদের বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, যুবদলের নতুন কমিটির নামে কার্যত নিজের ‘পকেট কমিটি’ করেছেন সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান। মিজানুর রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এত দিন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন মেয়র মোসাদ্দেক হোসেন। তাঁকে বাদ দিয়ে নতুন কমিটির সভাপতি করা হয়েছে ওয়ালিউল হককে। তিনি এত দিন যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আর মোসাদ্দেক হোসেনকে রাজশাহী মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতির পদ দেওয়া হয়েছে। অপরদিকে মহানগর বিএনপির কমিটি থেকে জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা আসলাম সরকারকে শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত করা হয়েছে। আবার যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সালাম ও মাইনুল ইসলামকে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে যুবদল ও মহানগরের কমিটি বিষয়ে মোসাদ্দেক হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
নতুন কমিটি ঘোষণার পর ২৩ আগস্ট রাতে মোসাদ্দেক হোসেনের সমর্থকেরা মিজানুর রহমানের বাসভবন ঘেরাও করে কমিটি দুটি প্রত্যাখ্যান করেন। তাঁরা মেয়রকে মহানগর যুবদলের সভাপতি অথবা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে রাখার দাবি জানান।
২০০৩ সালে মহানগর যুবদলের কাউন্সিল হয়। ওই কাউন্সিলে দলের সভাপতি হন মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় আসলাম সরকারকে। দীর্ঘ নয় বছর পর সেই কমিটি ভেঙে দেওয়া হয়। পরে কেন্দ্রের হস্তক্ষেপে ওই বছরই আহ্বায়ক কমিটি করা হয়। সে কমিটিতেও মোসাদ্দেক হোসেনকে আহ্বায়ক করা হয়। একই সঙ্গে তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি করে মহানগরের কাউন্সিল করার নির্দেশ দেয় দলের হাইকমান্ড। কিন্তু ১২টি ওয়ার্ড কমিটি করার পরে আর কাউন্সিল হয়নি।