চলমান পরিস্থিতি জাতীয় দুর্যোগ: কামাল হোসেন

সন্ত্রাস ও জঙ্গিবাদের কবলে পড়া দেশের চলমান পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ অভিহিত করে এর মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন এই আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারও ঐক্যের আহ্বান জানিয়েছে, খালেদা জিয়াও ঐক্যের আহ্বান করেছেন। ভালো কথা, সবাই ঐক্য চাইছে। আমরা ২০০৫ সাল থেকে ঐক্যের জন্য কাজ করছি। জাতীয় ঐক্যের আহ্বান আমাদের জন্য নতুন কিছু নয়।’
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গণফোরামের উদ্যোগটা কী? জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা ইতিবাচকভাবে দেশের সব জনগণের ঐক্য চাই। আমরা শুধু রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা সব নাগরিক সংগঠন, মানবাধিকার, পেশাজীবী, নারী সংগঠন সবার কাছে আবেদন রাখছি সন্ত্রাসের বিরুদ্ধে ঐকমত্য গঠন করার ব্যাপারে।’
ঐক্যের লক্ষ্যে বিএনপি সব দল নিয়ে কনভেনশন করার প্রস্তুতি নিচ্ছে, দাওয়াত করলে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি দলের নেতাদের দিকে ইশারা করে বলেন, ‘ইনাদের নিয়ে বসে, আমাদের স্থায়ী কমিটি আছে, সেখানে এ প্রস্তাব যদি আনুষ্ঠানিকভাবে আসে, তাহলে আমরা এজেন্ডা নিয়ে বসব যে আমরা পেয়েছি। এরপর সবাই মতামত দেবেন পক্ষে-বিপক্ষে। কোন পটভূমিতে এ প্রস্তাব এসেছে, তা বিবেচনা করে প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে কামাল হোসেন গুলশানে নৃশংস জঙ্গি হামলার ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের আক্রমণ খুবই কঠিন ব্যাপার। বিভিন্ন দেশে জঙ্গি হামলার ঘটনায় এত দিন ভেবেছি আমরা মুক্ত আছি। ১ জুলাই এ ধারণা ভেঙে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি। এই সন্ত্রাস থেকে বাঁচার জন্য আন্তরিকভাবেই জাতীয় ঐক্য দরকার।’
ড. কামাল হোসেন গুলশানের ঘটনার বিস্তারিত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, গুলশানের ঘটনার পেছনে কারা ছিল, এরা কারা, কারা এর পরিকল্পনা করেছে, পেছন থেকে মদদ দিয়েছে? সেদিনকার ঘটনার বিস্তারিত প্রতিবেদনের জন্য সারা জাতি অপেক্ষায় আছে। তিনি অবস্থাসম্পন্ন পরিবারের ছেলেদের ঘর থেকে বেরিয়ে ছয় মাস হারিয়ে যাওয়ার ঘটনাকে অস্বাভাবিক মন্তব্য করে এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা নিঃসন্দেহে প্রমাণ করে, বাংলাদেশের নেতিবাচক রুগ্ণ রাজনীতিতে উগ্রপন্থার এক নতুন মাত্রা যোগ হয়েছে এবং জাতি এক মহাদুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গণফোরামের স্থায়ী পরিষদ জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে জনমত সংগঠিত করতে ১২ দফা পদক্ষেপ গ্রহণের কর্মসূচি প্রকাশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্দলীয় ও নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ সুনিশ্চিত করা, রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত পুলিশ ও জনপ্রশাসন গড়ে তোলা, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা, নিরপেক্ষ নির্বাচন ও জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মফিদুল ইসলাম খান কামাল, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, আবদুল আজিজ প্রমুখ।