চলমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের গভীর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলমান সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এবং দলগুলোর সাংঘর্ষিক অবস্থানে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী হুগো সোয়ার। গত শুক্রবার হাউস অব কমন্সে এক লিখিত প্রশ্নের জবাবে সোয়ার বলেন, চলমান পরিস্থিতি প্রধান রজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকটকে বাড়িয়ে দিচ্ছে।
ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট-দলীয় এমপি স্যামি উইলসনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, গত ২০ জানুয়ারি বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে অবরোধ করে রাখার খবরে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন।
স্যামি উইলসনের প্রশ্ন ছিল, বাংলাদেশে বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতাদের প্রতি যে হুমকি বিরাজ করছে, সে বিষয়ে মন্ত্রী বাংলাদেশ পক্ষের সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না।
মন্ত্রী সেই প্রশ্নের জবাবে আরও বলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা ১৪ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে চলমান সহিংসতা এবং গণতন্ত্রের পরিবেশ সংকুচিত হয়ে আসার বিষয়ে তাঁদের সম্মিলিত উদ্বেগের কথা জানিয়েছেন। একই দিন ব্রিটিশ হাইকমিশনার একটি বাসে ভয়াবহ হামলা এবং বিএনপির নেতা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন। এসব ঘটনা তদন্তে হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সব পক্ষকে সংযত আচরণের পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন।