চলমান সংসদে যেতে চান লতিফ সিদ্দিকী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী চলমান দশম সংসদের পঞ্চম অধিবেশনে যোগ দিতে চান। তবে তিনি তা পারবেন কি না, তা জানতে চেয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলা ও হালনাগাদ তথ্য বিবেচনা করে এ বিষয়ে মতামত দিতেও বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের মতামত পেয়ে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ পর্যন্ত ৫৩ টি মামলা হয়েছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচিত এলাকার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে সাবেক মন্ত্রী ও সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে চান। জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তাঁকে ওই অধিবেশনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন।
টাঙ্গাইলের বিতর্কিত এই সাংসদ স্পিকারকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, তিনি বর্তমানে বিভিন্ন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী জীবন যাপন করছেন। তিনি দাবি করেন, তাঁর মামলাগুলো জামিনযোগ্য হলেও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। কিন্তু নির্বাচিত এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে তিনি অধিবেশনে যোগ দিতে চান। এই অধিকারকে ‘সাংবিধানিক অধিকার’ দাবি করে তিনি সংসদ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো এই চিঠিতে লতিফ সিদ্দিকী গত সোমবার এ আবেদন করেন। আবেদনটি বিবেচনার জন্য কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা পরিদর্শক ফজলুল কবীর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, লতিফ সিদ্দিকী চিঠিতে আরও জানান, বিষয়টি বাংলাদেশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি অনুমোদন করে। এ ছাড়াও এর আগে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদও বিচারাধীন বন্দীরূপে সংসদ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তাই তাঁকেও সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক।
তবে জাতীয় সংসদের সচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, ‘একজন সাংসদ হিসেবে আমরা তাঁকে জাতীয় সংসদে আসার আমন্ত্রণ জানাতে পারি। কিন্তু তিনি যদি কোনো মামলার কারণে কারাগারে থাকেন বা ডিটেনশনে থাকেন, তাহলে তাঁর আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে, সংসদের কাছ থেকে নয়। আমরা নিয়মানুযায়ী তাঁকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যারোলে তাঁকে সংসদে যাওয়ার সুযোগ দিতে পারে। তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। ’
প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে লতিফ সিদ্দিকী নিউইয়র্কে পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এর জের ধরে তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় এবং তিনি মন্ত্রিত্ব হারান। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে বিধি অনুযায়ী এখনও তিনি সাংসদ পদে বহাল আছেন।