চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক ও চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এস এম আশরাফুজ্জামান গত ১১ জুলাই চা-শিল্প ও শ্রমকল্যাণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর তফসিল ঘোষণা করেন।
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি (কয়েকটি বাগান নিয়ে একটি ভ্যালি) ও বাগান পঞ্চায়েত কমিটির নির্বাচনে একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ভ্যালি ও পঞ্চায়েত কমিটির প্যানেল সভাপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে দুটি প্যানেল অংশ নেবে। সাতটি ভ্যালির মধ্যে পাঁচটিতে দুটি করে ও দুটিতে তিনটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে প্রতিটি চা-বাগানের বাগান পঞ্চায়েত কমিটিতে দুই থেকে পাঁচটি করে প্যানেল রয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২২৮টি চা-বাগান ও ফাঁড়ি চা-বাগানের ৯৪ হাজার ভোটার এতে অংশ নেবেন।
সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জুড়ী, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী বিজয় বুনার্জি গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ভালোভাবে ভোটের কাজ চলছে। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট হবে।’
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রামভজন কৈরী বলেন, ‘এমনিতে কোনো ঝামেলা নেই। তবে দু-একটি জায়গায় আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে। তবে নির্বাচনে এসবের প্রভাব পড়বে না।’
চা-শিল্প ও শ্রমকল্যাণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যসচিব গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।