চাঁদ উঠলে কি আপনারা দেখবেন না: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট বা মহাজোট সম্প্রসারণে আওয়ামী লীগের উদ্যোগ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আলোচনা প্রাথমিক পর্যায়ে হয়েছে। আমরা তাদের মনোভাব বুঝতে চেয়েছি। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা যদি কোনো রাজনৈতিক মেরুকরণের দিকে যায়, কোনো কৌশলগত জোট গঠনের দিকে যায়, তাহলে সেটা তো গোপন থাকবে না। তখন সবাই জানবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘চাঁদ উঠলে কি আপনারা দেখবেন না।’
আওয়ামী লীগ কি ওই দলগুলোকে জোটে চায় না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কারও সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি, এর সঙ্গে রাজনীতি নেই, সেই কথা আমি বলব না। কিন্তু তা একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা চাইলেই তো হবে না, তাদেরও তো চাইতে হবে। এই চাওয়াটা তো আমাদের ওপর নির্ভর করবে না।’