চাঁদপুর জেলা আ.লীগের সম্মেলন ২৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর ২৬ জানুয়ারি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের একাংশের অনিচ্ছার কারণে এত দিন সম্মেলন হয়নি বলে অভিযোগ করেছে অপর অংশ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, সম্মেলনে দলীয় কাউন্সিলরদের গোপন ভোটে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। কেন্দ্রীয় দপ্তর থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলন সফল করার জন্য ওই দিন দলের শীর্ষ নেতারাও চাঁদপুরে উপস্থিত থাকবেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী বলেন, দলের একটি অংশ চায়নি সম্মেলন হোক। তাই এত দিন সম্মেলন হয়নি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, দলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির কেউ কেউ দীর্ঘদিন দলের পদ-পদবি ব্যবহার করে নানা সুবিধা নিতে ব্যস্ত থাকায় সম্মেলনের ব্যাপারে উদ্যোগ নেননি। এখন ওপর থেকে চাপ আসায় সম্মেলন আহ্বান করা হয়েছে।
আবু নঈম পাটওয়ারী বলেন, কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশে সেনাশাসন, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচন ছিল। এ ছাড়া বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের সরকারবিরোধী আন্দোলন থাকায় কয়েকবার সম্মেলনের তারিখ নির্ধারণ করেও করা যায়নি।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে চাঁদপুর জেলা শাখার সর্বশেষ সম্মেলন হয়। এতে সভাপতি প্রার্থী ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও ইউসুফ গাজী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আবু নঈম পাটওয়ারী ও জহিরুল ইসলাম। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি অংশগ্রহণে গোপন ভোটে সাধারণ সম্পাদক পদে আবু নঈম পাটওয়ারী নির্বাচিত হন। ওই সময় দলের সভানেত্রী শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্য নেতার অনুমতি সাপেক্ষে মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে সভাপতি ঘোষণা করে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র আরও জানায়, এবার সম্মেলনেও একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী ও বর্তমান মেয়র নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী ও জহিরুল ইসলামের নাম শোনা যাচ্ছে। দলের সাধারণ সদস্যরা ধারণা করছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবার পরিবর্তন আসতে পারে।