চাঁদপুর জেলা ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত
চাঁদপুর জেলা ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হাসানের পাঠানো এক চিঠি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ওই রাতেই চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যে দুজনের পদ স্থগিত করা হয়েছে তাঁরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসনাত ও শামছুল আলম সূর্য। মঙ্গলবার রাত আটটায় তাঁদের পদ স্থগিত করার চিঠি জেলা ছাত্রদলের নেতাদের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে কামরুজ্জামান হাসনাত ও শামছুল আলমের দলীয় পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই পত্রে আরও বলা হয়, চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাঝির অনুমতি ছাড়া চাঁদপুর জেলায় ছাত্রদলের কোনো কমিটি কেন্দ্রীয় সংসদের কাছে বৈধ বলে গণ্য হবে না।
রাত পৌনে ১০টায় চাঁদপুর শহরের জেএমসেন গুপ্ত সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু কে, কেন এ ঘটনা ঘটাল এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি।