চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
মেয়াদ শেষ হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিককে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুর শহর বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব আনোয়ার বাবলু জানান, ২০১০ সালে নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির তিন বছর মেয়াদি ১৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। ইতিমধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্ত নেন।
চাঁদপুর শহর বিএনপির সভাপতি সলিমুল্লাহ সেলিম বলেন, জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য ফিরে আসবে। অচিরেই এই আহ্বায়ক কমিটি নতুন কমিটি উপহার দিয়ে দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি মমিনুল হককে ফোন করে পাওয়া যায়নি। তবে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমি শুনেছি কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। তবে লিখিতভাবে আমরা তা পাইনি।’