চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির
২৯ মার্চ অনুষ্ঠেয় চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। গত রোববার রাতে ই-মেইলে পাঠানো জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে গত ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদান ও ১ মার্চ যাচাই-বাছাই হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ, ১১ মার্চ প্রতীক বরাদ্দ ও ভোট গ্রহণ ২৯ মার্চ। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১৫৬ জন। এর মধ্যে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ১১৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন। মেয়র পদে আওয়ামী লীগের একজন, বিএনপির পাঁচজন ও জাতীয় পার্টির একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার জেলায় পুলিশ বাহিনী দিয়ে বিএনপি তথা ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ২০০ মামলা করেছে। এ ছাড়া ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় শতাধিক মামলা হয়েছে। বর্তমানে শতাধিক নেতা-কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। পৌর এলাকায় ২০-দলীয় জোটের প্রকাশ্যে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। পুলিশ নেতা-কর্মীদের বাসাবাড়িতে তল্লাশির নামে পরিবার-পরিজনের সঙ্গে দুর্ব্যবহার করছে।
বিবৃতিতে আরও বলা হয়, তড়িঘড়ি করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটারবিহীন অবৈধ নির্বাচন করার পাঁয়তারা চলছে। এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ না থাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের সিদ্ধান্তের আলোকে নির্বাচন প্রত্যাখ্যান করছে দলটি।