চাঁদপুরে আটক ২১, ঢাকামুখী লঞ্চ-বাস বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২১ নেতা-কর্মীকে আটক করেছে। জেলা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ বা বাস ছেড়ে যায়নি।
গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এই ২১ জনকে আটক করে। এঁদের মধ্যে ২০ জন বিএনপির নেতা-কর্মী ও একজন জামায়াতের কর্মী। এঁদের মধ্যে সদরে চারজন, ফরিদগঞ্জে ছয়জন, হাজীগঞ্জে দুজন, কচুয়ায় চারজন, মতলব উত্তরে দুজন ও শাহরাস্তি থেকে তিনজনকে আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা শহর ও বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আগের বিভিন্ন মামলার আসামিও আছেন।
চাঁদপুরের লঞ্চ ও বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী কোনো লঞ্চ ও বাস ছেড়ে যায়নি।