চাঁদা না পেয়ে মাদ্রাসায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবির প্রতিবাদ করায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মক্কীনগর হিরাঝিল মাদ্রাসায় হামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ পাঁচজন আহত হয়েছেন।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় মাদ্রাসার ছাত্ররা একজনকে আটক করে। হাজি ইয়াসিন মিয়া নারায়ণগঞ্জের সাত খুন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তবে ওই মামলার অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ তাহের আল হোসাইনের বড় ভাই তৈয়ব আল হোসাইন বলেন, ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ১ একর ১০ শতক জমিতে মক্কিনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি মাদ্রাসার ভেতরে ১০ শতাংশ জায়গায় মসজিদের নির্মাণকাজ শুরু করা হয়। তখন ওই এলাকার মনির ও মফিজুল ইসলাম কয়েকবার তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বেশ কয়েকবার হামলার চেষ্টা করেন তাঁরা।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাজি ইয়াসিন মিয়া তাঁর লোকজন নিয়ে মাদ্রাসায় এসে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় মসজিদ নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। প্রতিবাদ করলে ইয়াসিন মিয়ার নির্দেশে শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, মনির, মফিজুলসহ ৫০-৬০ জন দেশি অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করেন। হামলায় মাদ্রাসার অধ্যক্ষের ছোট ভাই তাহেল আল হোসাইনসহ পাঁচজন আহত হন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা মফিজুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করেন ও মফিজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

তবে হাজি ইয়াসিন মিয়া বলেন, ‘আমি মাদ্রাসা পরিদর্শন করতে গিয়েছিলাম। চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

এদিকে হামলার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এলাকাবাসী বলেন, সাত খুনের ঘটনার পর ইয়াসিন মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি এলাকায় ফিরে এসেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা সাতটায় বলেন, মাদ্রাসায় বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়টি তাঁদের জানা নেই। তদন্তের আগে বলা যাবে না। তবে এই ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে তৈয়ব আল হোসাইন গতকাল সন্ধ্যা ছয়টায় বলেন, এ ঘটনায় মাদ্রাসার হেবজ বিভাগের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ইয়াসিন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।