চাঁদাবাজির ঘটনায় আটক আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় আটক আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর পৌরসভার অধীনে নয়টি সড়ক ও ছয়টি ড্রেনের কাজ পায় সেভেন স্টার ইলেকট্রনিকস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মার্চ মাস থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। এ কাজের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর পৌরসভার আলীয়াবাদ খাল-সংলগ্ন সেতু এলাকায় কাজ করার সময় নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের নেতৃত্বে সাত-আটজনের একটি দল ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ নেতা আবদুর রহমান ও তাঁর সহযোগীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পক্ষের শহিদুল ইসলাম ও হিসাবরক্ষক মনিরুল ইসলামের ওপর হামলা চলানো হয়। পরে রাত আড়াইটার দিকে শহিদুল ইসলাম নবীনগর থানায় আবদুর রহমানসহ কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার শহিদুল ইসলাম অভিযোগ দেন, ‘এ ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু আমার অভিযোগ তালিকাভুক্ত করেনি পুলিশ। এ ছাড়া আটকের পর আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।’

এ বিষয়ে নবীনগর থানার ওসি আসলাম সিকদার বলেন, মদ পান করায় আবদুর রহমানকে আটক করা হয়েছিল। গতকাল সকালে মুচলেকা নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিনের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে আবদুর রহমানকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, থানায় এমন কোনো অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, একটা ভুল-বোঝাবুঝির কারণে এমন হয়েছে। তাই মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আবদুর রহমানের চাঁদা দাবি ও হামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি একটি ইফতার মাহফিলে ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।