চাঁদাবাজি-দখলে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দুর্গ বলে পরিচিত বগুড়া এখন আওয়ামী লীগের পূর্ণ নিয়ন্ত্রণে। দলীয় কোন্দলের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলার অভিযোগও আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। তবে ক্ষমতাসীন দলটি এখানে রাজনীতির চেয়ে চাঁদাবাজি আর দখল নিয়ে বেশি ব্যস্ত। এসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন কামরুল হাসান ও আনোয়ার পারভেজ

রাজনীতি নিয়ে বগুড়া আওয়ামী লীগের নেতাদের আগ্রহ কম। তাঁরা ব্যস্ত চাঁদাবাজি আর সরকারি জমি দখল নিয়ে। এর বাইরে আছে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য। এসব নিয়ে নিজেদের মধ্যে খুনোখুনিতে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৩৬ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। আবার দলীয় নেতা-কর্মীরা আসামি হওয়ায় এসব হত্যাকাণ্ডের বিচারও হয়নি।

বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কিছু মানুষ রাতারাতি টাকাওয়ালা হয়ে গেছেন। তাঁদের আচরণ দেখে এখানকার মানুষ বিরক্ত। ভোটের সময় তাঁরা ভোট চাইতে গেলে কেউ সাড়া দেবেন না।

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতি এককভাবে নিয়ন্ত্রণ করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অন্যদিকে দলের নিয়ন্ত্রণ নিতে চান জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এই দুই নেতার মধ্যে দূরত্ব অনেক। তাঁরা প্রকাশ্যে একজন আরেকজনের সমালোচনা করেন। তবে মিল আছে এক জায়গায়—তাঁদের আশ্রয়-প্রশ্রয়ে গড়ে উঠেছে রাজনৈতিক দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তের দাপটে কোণঠাসা ত্যাগী কর্মীরা।

ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতার অভিযোগ, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলার বড় বড় সব ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত। নিজের ছেলে জেলা শিল্প বণিক সমিতির সভাপতি মাছুদুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান এসব কাজ করে। সভাপতি দখলে রেখেছেন জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালও। ওয়াক্‌ফ সম্পত্তি হওয়ার পরও ছেলের নামে ক্রয় দেখিয়ে দখলে নিয়েছেন সরকারের প্রত্নসম্পদ ঘোষণা করা বগুড়ার ঐতিহ্যবাহী নওয়াববাড়ি। জামায়াতের সঙ্গে সখ্যের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাঈদীকে ‘চাঁদে দেখা’ গুজবের সময় তাঁর বাড়িতে হামলা হলেও তিনি মামলা করেননি। পুলিশ মামলা করলেও সেই মামলা আর তিনি চালাননি। নির্বাচনের আগে তিনি বিএনপি-জামায়াতের নেতা এমনকি নাশকতা মামলার আসামিদের আমন্ত্রণ জানিয়ে উপহার দিয়েছেন। 

তবে মমতাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে পারবেন না। তিনি কোনো অন্যায় করেননি। কোনো সন্ত্রাসীকেও প্রশ্রয় দেননি। তিনি বলেন, ‘কে বা কারা এই শহরে চাঁদাবাজি করছে, দখল করছে, সেটা খুঁজে দেখুন।’ শহরে সন্ত্রাসের জন্য তিনি নাম উল্লেখ না করলেও নিজ দলের একজন নেতাকে দায়ী করেছেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান দলীয় কর্মসূচি ছাড়া শহরে আসেন না। তিনি ব্যস্ত শেরপুর শহরে ব্যবসা-বাণিজ্য নিয়ে। দল ক্ষমতায় আসার পর শেরপুরে করতোয়া জুট মিল নামের একটি পাটকল দিয়েছেন তিনি। ছেলের আছে ঠিকাদারি ব্যবসা।

দখল চাঁদাবাজি-মাদক ব্যবসায় দুই ডজন নেতা

বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শামছুদ্দিন শেখ হেলালের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ আছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নেরও সাধারণ সম্পাদক তিনি। শ্রমিক ইউনিয়নের নামে বগুড়া হয়ে উত্তরবঙ্গ রুটে চলাচলকারী পরিবহন এবং থ্রি হুইলার অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি হয়। শামছুদ্দিন শেখ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ আছে। আবার রেলের শতকোটি টাকার সম্পত্তি দখল করেছেন শামসুদ্দিন শেখ। তাঁর সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান এবং যুবলীগ নেতা আবদুল মতিন সরকার।

মাদক ব্যবসা, চাঁদাবাজি আর দখলে সমানে সমান বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকার। ‘কসাই মতিন’ নামে পরিচিত এই নেতাকে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে। শহরে বছরজুড়ে জুয়া-হাউজির আসর চালাতেন এই মতিন।

 মতিনের ছোট ভাই ও শহর শ্রমিক লীগের বহিষ্কৃত সভাপতি তুফান সরকার একচ্ছত্র নিয়ন্ত্রণ করতেন ব্যাটারিচালিত অটোরিকশায় চাঁদাবাজিতে। জুয়া-হাউজি আর রেলের জায়গা দখলের তালিকায় রয়েছে শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মান্নানের নাম। মান্নান এসব জুয়া পরিচালনার কথা স্বীকার করেন।

 জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে এম আছাদুর রহমান এবার জেলা পরিষদে সদস্য হয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ছায়াতলে থাকা এই নেতার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখল ও দলীয় নেতাদের খুনোখুনিসহ নানা অভিযোগ। সম্প্রতি বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহীর পুরোনো বাসভবনের দোতলায় একটি ফ্ল্যাট তিনি দখল করেছেন। এই ফ্ল্যাটটি বর্তমানে জেলা পরিষদের সচিবের নামে বরাদ্দ করা। জেলা পরিষদের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে জানতে চেয়ে আছাদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি বাড়ি আমি কেন দখল করব। ও আমাকে সেটা দিতে চেয়েছিল, আমি সেটা নিইনি।’ চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগে সিএনজি মালিক সমিতির সঙ্গে ছিলাম। এখন নেই। ফলে চাঁদাবাজির অভিযোগ আসতেই পারে না।’

বগুড়ার রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, যাঁরা দলের নেতৃত্বে থাকবেন তাঁদের কথা ও কাজে স্বচ্ছতা থাকতে হবে। কারণ, মানুষ তাঁদের দেখেই দলকে বিবেচনা করবে। তাঁরা যদি খারাপ কিছু করেন মানুষ তখন সবাইকেই দোষারোপ করবে। কেউ রেহাই পাবেন না।