চাঁদামুক্ত ব্যবসার পরিবেশ তৈরির ঘোষণা নাছিরের
চট্টগ্রাম মহানগরে চাঁদামুক্ত ব্যবসার পরিবেশ তৈরি করতে শতভাগ সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি গতকাল মঙ্গলবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
নগরের আগ্রাবাদে নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলার মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। মেয়র নাছির চট্টগ্রাম চেম্বারের সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম এ লতিফ, সাংসদ শামসুল হক চৌধুরী, সীতাকুণ্ডের সাংসদ ও চেম্বারের পরিচালক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
মেয়র নাছির বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করব। তিন মাস পর পর সাংবাদিকদের সামনে বসে যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরব। চট্টগ্রামের স্বার্থকে প্রাধান্য দিয়ে সাংবাদিকেরা যেকোনো গঠনমূলক সমালোচনা করবেন। সেই সমালোচনা আমি হাসিমুখে গ্রহণ করব।’
জলাবদ্ধতা ও পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নবনির্বাচিত মেয়র বলেন, জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতা থেকে মুক্তি পেতে সবার ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র কাজ দিয়ে সবার মন জয় করতে পারবে। আমি নাছিরকে বলেছি, দুটি কাজ কর। একটি জলাবদ্ধতা নিরসন। অন্যটি পরিচ্ছন্ন নগর। চট্টগ্রামকে বাঁচাতে হলে এ দুটি কাজ প্রথমেই করতে হবে।’
২২০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম শাহ আমানত সেতুর দুই পাশের আট কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এটি হবে ঢাকার বাইরে প্রথম ছয় লেনের রাস্তা।
এ ছাড়া মন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে টানেল, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।