চাঁপাইনবাবগঞ্জে প্যানেল মেয়রের হাতে দায়িত্ব
নির্বাচনের আড়াই মাসের মাথায় স্থানীয় সরকার মন্ত্রণালয় মনোনীত এক নম্বর প্যানেল মেয়র সাইদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী মেয়র আবদুল মতিন। গতকাল সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য দেন বিদায়ী মেয়র আবদুল মতিন, পৌর সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াত-সমর্থিত (স্বতন্ত্র) নজরুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ার পর হত্যাসহ একাধিক মামলায় হাজতে থাকায় দায়িত্ব হস্তান্তর-প্রক্রিয়া বিলম্বিত হয়। গত ১৩ জানুয়ারি নজরুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।
পৌরসভার সচিব মামুনুর রশিদ প্রথম আলোকে জানান, সপ্তাহ খানেক আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পাঠানো চিঠিতে জানানো হয়েছে, গত ৯ মার্চ মেয়র নজরুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমানকে ১ নম্বর প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে। এ ছাড়া চিঠিতে নির্দেশ দেওয়া হয় অনতিবিলম্বে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ১ নম্বর প্যানেল মেয়র সাইদুর রহমানের হাতে পৌরসভার দায়িত্ব হস্তান্তরের।