চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক নেতা আবদুল ওয়াহেদের পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ায় বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তাঁরা হলেন জেলা বিএনপির সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক এবং জেলা বিএনপির সদস্য ও মোবারকপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুর রহমান। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দুজনকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে রবিউল ইসলাম জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। কিন্তু আশরাফুল হক ও তৌহিদুর রহমান কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আবদুল ওয়াহেদের পক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে। তবে এ নিয়ে জেলা কমিটির কোনো সভা হয়নি। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ দুজনকে বহিষ্কার করা হয়। এর আগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা এর কোনো জবাব দেননি।
এ ব্যাপারে তৌহিদুর রহমান বলেন, ‘আবদুল ওয়াহেদ বিএনপির কেউ নন। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণেই নির্বাচনে তাঁর প্রস্তাবকারী হয়েছি। কারণ দর্শানো ও বহিষ্কারের কোনো চিঠি এখনো হাতে পাইনি।’
আশরাফুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।