চাকরি পেয়েই শ্রমিক লীগে যোগ ৮২ জনের
নতুন চাকরি পেয়েই রেল শ্রমিক লীগে যোগ দিলেন ঈশ্বরদী রেলের ৮২ শ্রমিক-কর্মচারী। এ ছাড়াও পুরোনো আরও ২৮ জন একই সঙ্গে শ্রমিক লীগে যোগ দিয়েছেন।
আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে এই ১১০ জনকে রেল শ্রমিক লীগে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। দলে যোগদান উপলক্ষে তাঁদের সংবর্ধনাও দিয়েছে রেল শ্রমিক লীগ।
দলীয় সূত্র জানায়, রেলওয়ের চাকরিতে নতুন যোগদান করা ৮২ জনের মধ্যে ৫২ জন ওয়েম্যান ও অন্য বিভাগের ৩০ শ্রমিক-কর্মচারী। ৪ সেপ্টেম্বর থেকে তাঁরা পর্যায়ক্রমে রেলের চাকরিতে যোগ দেন। এঁদের পরিবারের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সেই বিবেচনায় এই ৮২ জনকে রেল শ্রমিক লীগে যোগ দিতে দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। পুরোনো ২৮ জন রেল শ্রমিক-কর্মচারীকেও দলে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলে তাঁরাও রেল শ্রমিক লীগে যোগ দেন। তবে পুরোনোরা বিএনপি ও অন্য শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এই ১১০ জনকে দলে বরণ করে নিতে আজ বেলা ১১ টার দিকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, ঈশ্বরদী রেল কার্যালয়ের সামনে রেল শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের রেল শ্রমিক লীগের পক্ষ থেকে মিষ্টি মুখ করিয়ে সদস্যপদ ও সংবর্ধনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্বে করেন রেল শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি আবু তালেব। এতে শুভেচ্ছা বক্তব্য দেন শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান, পাকশী শাখার সাধারণ সম্পাদক আজিমুদ্দিন মণ্ডল, জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
কেন রেল শ্রমিক লীগে যোগ দিলেন, তাঁরা দলে যোগ দিতে চাপ দিয়েছিল কি না, জানতে চাইলে নতুন যোগ দেওয়াদের একজন নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, আমরা এই সরকারের আমলে চাকরি পেয়েছি। অন্য দল করলে সুযোগ পাব না। তাই এই দলে যোগ দিলাম।
এ ব্যাপারে জানতে চাইলে রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল হাসান প্রথম আলোকে জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হওয়ায় দলের প্রতি খুশি হয়ে তাঁরা রেল শ্রমিক লীগে যোগ দিয়েছেন।