চাকরির দাবিতে ছাত্রলীগের একাংশের বাস অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের একাংশ চাকরির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস অবরোধ করেন। এতে বাসে থাকা শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা দুইটায় ২০-২৫ জন সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী ও বহিরাগত লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের বাস আটকে দেন। বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দার ও সাবেক ছাত্রনেতা ইলিয়াস জোয়ার্দারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। সোয়া একঘণ্টা অবরোধের পর তাঁরা বাসগুলো ছেড়ে দেন। বাসগুলো আটক থাকায় কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
বাসে আটকে পড়া কয়েকজন শিক্ষার্থী জানান, প্রায়ই এমন ঘটনা দেখতে হচ্ছে। কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। আর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস জোয়ার্দার প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) একটি সিন্ডিকেট সভা হবে—এমনটি শুনেই বাস অবরোধ করা হয়েছে। সিন্ডিকেট সভা করে শুধু শিক্ষক নিয়োগ দেবে আর আমাদের চাকরি দেওয়া হবে না তা হতে পারে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির বিষয়ে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তিনি আরও বলেন, ক্যাম্পাসে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরিপ্রত্যাশী দুটি পক্ষ বিভিন্ন সময়ে পৃথকভাবে প্রধান ফটক ও বাস অবরোধ করে।