চাচা-ভাতিজার ধানের শীষ ও নৌকার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৩১ মার্চ। এ নির্বাচনে চেয়ারম্যান পদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান নৌকা ও বিএনপির মনোনীত সাইয়াকুল ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।
মশিউর তাঁর প্রধান প্রতিপক্ষ সাইয়াকুল ইসলামের ভাতিজা। মশিউর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। সাইয়াকুল উপজেলা কৃষক দলের সভাপতি।
তবে এ দুজনের আরও প্রতিপক্ষদের মধ্যে রয়েছেন তাঁদের নিজেদের দলের একাধিক বিদ্রোহী প্রার্থী। ওই ডাউয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবদলের সভাপতি মফিজুল ইসলাম, বিএনপি সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুস সাত্তার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাকুল ইসলাম।
গতকাল বুধবার মশিউর তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সখেনটারী, হাজীটারী ও জুরাবান্দা গ্রামে। আর সাইয়াকুল প্রচারণা চালিয়েছেন খোর্দ্দবিছনদই ও পূর্ব বিছনদই গ্রামে। অন্য প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাঁদের নির্বাচনী প্রচারণা চালান।
মশিউর গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে ২ হাজার ৩৯১ ভোট পান। এ নির্বাচনে তাঁর চেয়ে মাত্র ৫৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন দেলওয়ার হোসেন। একই নির্বাচনে সাইয়াকুল চেয়ারম্যান পদে পেয়েছিলেন ১ হাজার ৬১৪ ভোট।
জানতে চাইলে মশিউর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে ইনশা আল্লাহ নৌকা মার্কার প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব।’ একই রকম কথা বলেন ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী সাইয়াকুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাহবুবুর রহমান ও আবদুল মতিন প্রধান এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইউপি নির্বাচন গ্রামবাংলার সবচেয়ে বড় নির্বাচন। এ নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের আবেগ ও আকাঙ্ক্ষা অনেক সময় বিভিন্নভাবে প্রকাশিত হয়। এর অংশ হিসেবে প্রচারণার সময় দু-এক স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটা বিচিত্র কিছু নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সব সময় তৎপর রয়েছে।’