নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালীর চাটখিল পৌরসভায় এ এইচ এম ফারুক নামের এক কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ বি এম বদরুদৌজা এ অভিযান পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ এইচ এম ফারুকের লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পরও মাইকিং-করে প্রচার চালাচ্ছিলেন। বিষয়টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে পড়লে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করেন।
জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ আবরাউর হাসান মজুমদার প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।