কুমিল্লার চান্দিনা পৌর শাখা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান সরকার গত বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগদান করেছেন। এতে দলটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদ ও তাঁর অনুসারীরা হতাশা ব্যক্ত করেছেন।
রাজনীতি-সচেতন কয়েকজন ব্যক্তি জানান, তিনি স্বার্থ হাসিল করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তবে মান্নান দাবি করেছেন, তিনি মানুষের খেদমত করার জন্য দলত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দিনা পৌর এলাকার হারং সিনিয়র মাদ্রাসা মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি যোগদান করেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের প্রবীণ সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আশরাফের কাছে ফুলের তোড়া দিয়ে তিনি দলে যোগদান করেন।
আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা জানান, চান্দিনা পৌর এলাকায় আবদুর মান্নান সরকারের একটা প্রভাব ও জনসমর্থন রয়েছে। ওই কারণে আওয়ামী লীগ অনেক দিন থেকেই তাঁকে দলে আনার চেষ্টা করছিল। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাঁকে দলে যোগদান করানো হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা বলেন, ‘আবদুল মান্নান ২৭ বছর পর দলে ফিরে এসেছেন। আমরা তাঁকে ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছি।’
চান্দিনার রাজনীতি-সচেতন দুজন কলেজশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামনে চান্দিনা পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে সমর্থন পাওয়ার জন্য আবদুল মান্নান সরকার দলত্যাগ করেছেন। আওয়ামী লীগ, ফ্রিডম পার্টি, বিএনপি হয়ে তিনি এলডিপিতে যোগদান করেন। গত ২৭ বছরে তিনি চারবার দলবদল করেন। ১৯৯৭ সালে বিএনপির সমর্থনে চান্দিনা পৌরসভার চেয়ারম্যান (বর্তমানে মেয়র বলা হয়) হন। রেদোয়ানের ঘনিষ্ঠজন হিসেবে তিনি রাজনীতিতে বেশ পরিচিত। চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, দলবদল তাঁর (মান্নান) কাছে নতুন কিছু নয়। চান্দিনা পৌরসভার মেয়র হওয়ার জন্য দলত্যাগ করেছেন। এ ব্যাপারে রেদোয়ান আহমেদের মুঠোফোনে গতকাল শুক্রবার বিকেলে ফোন করা হলে তিনি সাড়া দেননি।