চান্দিনায় হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আরও একজন প্রাণ হারিয়েছেন। তাঁর নাম আবদুল মান্নান (৬০)। কুমিল্লার চান্দিনায় প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ১৮ দিন পর গতকাল মঙ্গলবার তিনি মারা গেছেন।
এ নিয়ে সারা দেশে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৫৩ জন নিহত হলেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকেন্দ্রিক হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলার চান্দিনা উপজেলায় মারা যাওয়া আবদুল মান্নান মাইজখার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সেলিমের চাচা। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, গত ১৯ এপ্রিল রাতে ইউনিয়নের পানিপাড়া গ্রামে সেলিমের কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মো. জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আবদুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গতকাল তিনি নিজ বাড়িতে মারা গেছেন।
শেরপুর: জেলার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে গতকাল আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (ইনু) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
ফরিদপুর: সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।
নড়াইল: সোমবার রাতে জেলার সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে নড়াইল-নওয়াপাড়া সড়কের গোবরা বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ছোট মুশুরি গ্রামে প্রচারণার সময় ওয়ার্কার্স পার্টির প্রার্থী প্রবীর বিশ্বাস ও তাঁর কর্মীদের ওপর আওয়ামী লীগের প্রার্থী আশীষ বিশ্বাসের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আশীষ বিশ্বাস।
নাটোর: সোমবার রাতে জেলার নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের নীলডাঙ্গা গ্রামে বিএনপির প্রার্থী আবিদুর রহমান তালুকদার ও তাঁর কর্মীদের ওপর আওয়ামী লীগের প্রার্থী জালাল উদ্দিনের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জালাল উদ্দিন।
মৌলভীবাজার: সোমবার রাতে জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আসিকুর রহমানের (৩২) ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশার চালক সুমন মিয়াকেও (১৮) পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
চাঁদপুর: পঞ্চম ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে গতকাল জেলা জজকোর্টের সামনে অস্ত্রের মুখে মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী সলিমুল্লাহ লাবলুর মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের লোকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবে নূর মোহাম্মদ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ছাড়া সোমবার রাতে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া: সোমবার রাতে জেলার বিজয়নগর উপজেলার খাদুরাইল চৌরাস্তা এলাকায় ইছাপুর (উত্তর) ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হককে দায়ী করেছেন আক্তার হোসেন। তবে জিয়াউল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।