চাপা ক্ষোভ, উপেক্ষিতরাও চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের ২১ মাস পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পদবঞ্চিত নেতারা চাপা ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেতা মন্তব্য করেন, নতুন কমিটিতে সত্যিকারের আওয়ামী লীগাররা উপেক্ষিত হয়েছেন।

দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, তাঁরা গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির কথা জানতে পারেন। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার সই করা ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি, সহসভাপতি ও সম্পাদকসহ ৩৯ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩৫ জনের নাম রয়েছে। একই সঙ্গে ২১ সদস্যের উপদেষ্টার মধ্যে ১৮ জনের তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। তবে দলীয় প্রধানের স্বাক্ষরের নিচে তারিখ দেওয়া হয়নি। এতে কমিটি কবে অনুমোদন দেওয়া হয়েছে, তা বোঝা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন। বর্তমান কমিটিতে আগের কমিটির বেশ কিছু উল্লেখযোগ্য নেতা বাদ পড়েছেন। এর মধ্যে রয়েছেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নূর মোহাম্মদ (আগের কমিটির সহসভাপতি), সমীর বোস (এক নম্বর যুগ্ম সম্পাদক), মাহবুবুর রহমান খান (কোষাধ্যক্ষ), বদিউজ্জামান (বিজ্ঞান ও প্রযুক্তি), সাহেব সরোয়ার (দপ্তর), খায়রুদ্দিন (উপদপ্তর), এম এ সালাম (কৃষি), খন্দকার আলম (সংস্কৃতি), আনোয়ারা বেগম (মহিলা), সরোয়ার হোসেন (প্রচার) এবং নির্বাহী সদস্য খলিফা কামালউদ্দিন, শামসুল বারী, খন্দকার মঞ্জুর আলী, মনিরুল হাসান, আমিনুর রহমান, শওকত আলী, আবুল হাশেম মৃধা, আবদুস সোবাহান, সাইফুল আহাদ।

তবে পদবঞ্চিত নেতারা বেশির ভাগই প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সাবেক কমিটির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান খান বলেন, ‘শুধু আমি নই আমার বাবা-চাচাও আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে দল করেন। বাবা জেলা কমিটির সহসভাপতি ও চাচা কোষাধ্যক্ষ ছিলেন। আন্দোলন সংগ্রামে, যাঁরা অগ্রণী ছিলেন, যাঁদের জেল-জুলুম সহ্য করতে হয়েছে, সেনাবাহিনীর নির্যাতন সহ্য করেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুককে যাঁরা ধাওয়া দিয়েছেন, বিরোধী দলে থাকায় মাওয়া ঘাট হয়ে যাঁরা নেত্রীকে টুঙ্গিপাড়ায় পৌঁছে দিয়েছেন, তাঁদেরই নতুন কমিটিতে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। দলে আজ আমাদের জায়গা নেই। ত্যাগী নেতাদের আওয়ামী লীগে কোনো মূল্যায়ন নেই। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লোকদের দিয়ে কমিটি করা হয়েছে, নতুন কমিটিতে সত্যিকারের আওয়ামী লীগাররা উপেক্ষিত হয়েছেন।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক নেতা বলেন, ‘নতুন কমিটিতে এমন কয়েকজন ব্যক্তি ঢুকে গেছেন, যাঁদের পরিবার অতীতে কখনো আওয়ামী লীগ করেনি। হালে দলে যোগ দিয়ে দলের গুরুত্বপূর্ণ পদে চলে গেছেন। এ বিষয়টাই কষ্ট দেয়। মন থেকে যেন কিছুতেই মানতে পারছি না।’

এদিকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা যদি সূর্য হন, তাহলে আমরা হচ্ছি গ্রহ। তাঁকে কেন্দ্র করেই আমাদের পথচলা, আমাদের আবর্তন। আর দল ক্ষমতায় থাকলে মন্ত্রী ও সাংসদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করেই আমাদের চলতে হয়। আমরা নতুন কমিটি নিয়ে সেভাবেই এগিয়ে যেতে চাই। কারণ সামনেই জাতীয় নির্বাচন। তবে পাশাপাশি এ কথাও সত্য কমিটিতে কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে।’

বর্তমানে ভারতে অবস্থান করায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা বলেন, ‘নেত্রী যে কমিটি দিয়েছেন, তা মেনে নিয়েই আমাদের চলতে হবে। এর মধ্যে কিছু খাদ আছে। এমন কয়েকজন ব্যক্তি কমিটিতে রয়েছেন, যাঁদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা কষ্টসাধ্য। এত দিন যাঁদের সঙ্গে রাজনীতি করেছি, তাঁরা পাশে নেই। আমি একা হয়ে পড়েছি। তবে আশার কথা হলো, এত দিন কমিটি ছিল না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। কমিটি হওয়ায় এখন বসার জায়গা হয়েছে, কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।’

কমিটিতে অসংগতি

নতুন কমিটিতে কামাল উদ্দিন দুই নম্বর সাংগঠনিক সম্পাদক। কিন্তু নির্বাহী কমিটির সাত নম্বর সদস্য হিসেবেও তাঁর নাম রয়েছে। তা ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. ইছাহাক উপদেষ্টা পরিষদের ১৬ নম্বর সদস্য হিসেবে আছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ বলেন, কেন্দ্রে দুটি কমিটি জমা পড়েছে। তা সমন্বয় করতে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে এটি ঠিক করে নেওয়া হবে।