রাজবাড়ী জেলা বিএনপিতে ‘সাবেক বাম বনাম পুরোনো বিএনপি’ চাপা বিরোধ আছে। এর মধ্যে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই কার্যত ঢাকায় থাকেন। তাঁরা এলাকায় এলে নেতা-কর্মীরা নড়েচড়ে বসেন। না হলে সব নিশ্চুপ।
২০১১ সালের ২০ জুন সম্মেলনের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠন করা হয়। এতে দলের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্কার্স পার্টির নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি ও অপেক্ষাকৃত নতুন মুখ হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করা হয়। এর আগে দলের জ্যেষ্ঠ নেতা ও রাজবাড়ী-২ আসনের সাংসদ নাছিরুল হক সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি একই সংসদীয় আসনের হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ আছে।
শহরের আজাদী ময়দানের পাশে টিনশেড ভবনে দলীয় কার্যালয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও কয়েক নেতার জন্য রয়েছে আলাদা কক্ষ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বেশির ভাগ সময়ই ঢাকায় থাকেন। সভাপতি রাজবাড়ীতে এলে তাঁর বাড়িতে দলের নেতা-কর্মীরা ভিড় জমান।
দলের নেতা-কর্মীরা জানান, সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতির দূরত্ব সম্প্রতি কমে এলেও বিশেষ কর্মসূচি ছাড়া তাঁকে দলীয় কর্মকাণ্ডে দেখা যায় না। তিন মাস অন্তর জেলা কমিটির সাধারণ সভা হওয়ার কথা থাকলেও এ বছর এখনো কোনো সভা হয়নি। গত বছর মাত্র একটি সভা হয়েছিল।
নেতা-কর্মীরা স্বীকার করেছেন, কেন্দ্রীয় কর্মসূচি না থাকায় এবং আন্দোলনে ব্যর্থতার কারণে নেতা-কর্মীরা এমনিতেই নিস্তেজ হয়ে আছেন। আবার মামলার কারণে অনেকে পলাতক। কেউ বা আদালতে হাজিরা দিয়ে সময় পার করছেন। সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে।
সবশেষ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ ও রাজবাড়ী পৌরসভার মেয়র পদে বিএনপি জয়ী হয়। কিন্তু গত ১১ এপ্রিল পৌর বিএনপির বর্ধিত সভায় জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়াকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ১৮ আগস্ট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়। কমিটি তোফাজ্জেল হোসেনের বহিষ্কারের সুপারিশ অনুমোদন করে কেন্দ্রে পাঠায়। তাঁর বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা এবং সরকারদলীয় নেতাদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলা হয়। প্রস্তুতি কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়।
মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, ‘বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ওয়ার্কার্স পার্টি থেকে এসেছেন। আর আমার বাবা জিয়াউর রহমানের সঙ্গে জাগো দল প্রতিষ্ঠা করেছেন এবং ২০০০ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত জেলায় দলের সভাপতি ছিলেন। এখন বাম দল থেকে আসা নেতারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অবৈধভাবে আমাকে বহিষ্কার করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। কিন্তু আমি দলে ছিলাম এবং এখনো আছি।’
জেলা বিএনপির সহসভাপতি আসলাম মিয়া বলেন, সংগঠনে ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা ও পুরোনো বিএনপি নেতাদের মধ্যে গ্রুপিং আছে। পৌর মেয়র ও জেলার সহসভাপতিকে বহিষ্কার করার মধ্য দিয়ে পুরোনো সেই বিভেদ নতুন করে সামনে এসেছে। তিনি বলেন, এই দুঃসময়ে সবাইকে একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি আছে বলে মনে হচ্ছে।
অবশ্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রথম আলোকে বলেন, জেলা বিএনপি অন্য যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী ও ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দলকে পুনর্গঠনে গণতান্ত্রিক ও সুশৃঙ্খল পন্থায় কাজ চলছে। সব নেতা-কর্মী একজনের বিরুদ্ধে গিয়েছে, সংগঠন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দলের মধ্যে এখন কোনো গ্রুপিং নেই।
তবে দলের সহসভাপতি আশরাফুল ইসলাম মিয়া বলেন, ‘রাজবাড়ীতে বিএনপির কোনো তৎপরতা নেই। অবস্থা এতই করুণ, দলের অস্তিত্ব আছে কি না, তা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। জিয়ার আদর্শ ধারণ করে যত দিন পারি দলে থাকব।’ তিনি বলেন, এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। উপজেলাগুলোতে গ্রুপিংয়ের ঝামেলা দূর করা যাচ্ছে না। সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচি না থাকায় জেলায় আপাতত কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। তিনি বলেন, ‘সভাপতি আমার মুরব্বি, তাঁর সঙ্গে কোনো বিরোধ নেই।’