চার অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত শুক্রবার রাত তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ফোন করে তিনি ওই সম্মেলন স্থগিত করেন। মন্ত্রী সম্মেলন স্থগিত করার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার বেলা দুইটায় নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। মন্ত্রীর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
দলীয় সূত্রে জানা গেছে, যে চারটি অভিযোগে সম্মেলন স্থগিত করা হয়েছে, সেগুলো হচ্ছে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবী প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ করা, বিএনপি থেকে আসা লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন, বেশি বয়সের নেতাদের অন্তর্ভুক্তি এবং কাউন্সিলর তালিকা তৈরিতে অনিয়ম।
ছাত্রলীগের অন্তত ১০ জন নেতা-কর্মী জানান, ২০০৭ সালের ৩১ জুলাই নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। দীর্ঘ আট বছর পর গতকাল বেলা দুইটায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তন সাজানো হয়। কিন্তু গত বুধবার থেকে গত শুক্রবার পর্যন্ত ওই সম্মেলন নিয়ে নানা অভিযোগ উত্থাপন করেন ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীরা। তাঁরা পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে অনিয়মের অভিযোগ এনে স্মারকলিপি দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন জাবেদ বলেন, নির্বাচন কমিশনার নুরুল্লাহ মজুমদার দীর্ঘ এক বছর নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময়ে তিনি বিএনপিকে ধ্বংস করে বিতর্কিত হয়েছেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এমন লোককে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। এ ছাড়া কাউন্সিলর তালিকা নিয়ে অস্বচ্ছতা রয়েছে। ওই কারণে পরিকল্পনামন্ত্রী সম্মেলন স্থগিত করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বলেন, ‘আগামী ১০ অক্টোবর নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে। বিবাহিত ও অছাত্ররা কাউন্সিলর হওয়ায় ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীরা আমার কাছে অভিযোগ করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্মেলন স্থগিত করা হয়।’